নানা আয়োজনে আজম খানের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৮ ফেব্রুয়ারি পপগুরু খ্যাত সংগীতশিল্পী প্রয়াত আজম খানের জন্মদিন। ১৯৫০ সালের এই দিনটিতে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উদযাপনে আজম খানের পরিবার বিশেষ পরিকল্পনা করেছে। এ প্রসঙ্গে আজম খানের মেয়ে ইমা খান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ‘জন্মদিনের দিন সকালে আজম খান ফাউন্ডেশনের ব্যানারে নটরডেম কলেজের সামনে থেকে একটি র্যালি বের করা হবে। এরপর দুপুরে রাজধানী ঢাকার একটি সরকারি কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। র্যালি এবং মিলাদ মাহফিলে শিল্পী সমাজ ও আজম খানের বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সহ সবাইকে উপস্থিত থাকার জন্য আজম খান ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। প্রায় এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০১১ সালের ৫ জুন ৬১ বছর বয়সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পপগুরু খ্যাত এদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আজম খান। ২০১০ সালের ১০ জুলাই তাঁর মুখগহ্বরের ক্যান্সার শনাক্ত করা হয়।১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরের সরকারি কোয়ার্টারে আজম খানের জন্ম। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। বাবা আফতাব উদ্দিন খান সরকারি চাকরিজীবী। মা জোবেদা বেগম সংগীতশিল্পী। মায়ের অনুপ্রেরণায় শৈশব থেকেই সংগীতে নিয়মিত চর্চা। ১৯৬৬ সালে তিনি সিদ্ধেশ্বরী হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৮ সালে টিঅ্যান্ডটি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন।ষাটের দশকে পশ্চিমা ধাঁচের পপ গানে দেশজ বিষয়ের সংযোজন ও পরিবেশনার স্বতন্ত্র রীতিতে বাংলা গানে নতুন মাত্রা এনেছিলেন তিনি। শ্রোতাদের কাছে তখন এ ধরনের গান ছিল একেবারেই নতুন। এই নতুন ধারার গানের পথিকৃত্ হিসেবে তিনি শ্রোতাদের কাছে ‘পপসম্রাট’ বা ‘পপগুরু’ হিসেবে সম্মানিত হন। ১৯৭২ সলে ‘উচ্চারণ’ নামের ব্যান্ড দিয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল। সে বছরই বিটিভিতে প্রচারিত ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ ও ‘চার কালেমা সাক্ষী দেবে’ এই গান দুটি তাঁকে জনপ্রিয় করে তোলে। এরপর ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘রেললাইনের ঐ বস্তিতে’, ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘আলাল ও দুলাল’, ‘হারিয়ে গেছে খুঁজে পাব না’এসব গানে গানে তিনি শ্রোতাদের মাতিয়েছেন। ‘এক যুগ’ নামে তাঁর প্রথম অডিও ক্যাসেট প্রকাশিত হয় ১৯৮২ সালে। সব মিলিয়ে তাঁর গানের অ্যালবাম ১৭টি। ২০০৩ সালে গডফাদার নামের একটি বাংলা চলচ্চিত্রেও আজম খান অভিনয় করেন। এছাড়াও কয়েকটি বিজ্ঞাপনচিত্রের মডেলও হয়েছেন তিনি। সংগীতের পাশাপাশি খেলাধুলার প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। একসময় সাঁতারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়া এই কিংবদন্তির সংগীতশিল্পী।ব্যক্তিগত জীবনে শিল্পী আজম খান ছিলেন অত্যন্ত সহজ-সরল। অনাড়ম্বর জীবন যাপন করতে ভালোবাসতে তিনি। ‘আলাল দুলাল’, ‘সালেকা মালেকা’, ‘রেল লাইনের বস্তির ছেলে’র মত চমত্কার কথার গান তাঁকে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিশেষ করে, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মে ছিল একটি ছেলে/ ছেলেটি মরে গেছে/ মা তার কাঁদে/ বাংলাদেশ বাংলাদেশ’ গানটি শ্রোতাদের হূদয়ে তাঁর স্থায়ী আসন তৈরি করে দেয়।১৯৮১ সালে তিনি সাহেদা বেগমকে বিয়ে করেন। তাঁর দুই মেয়ে ইমা খান ও অরণি খান এবং ছেলে হূদয় খান। আজম খানরা চার ভাই ও দুই বোন।