নানা আয়োজনে কবি খোন্দকার আশরাফকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বরেণ্য শিক্ষক কবি খোন্দকার আশরাফ হোসেন। তিনি একাধারে মুক্তিযোদ্ধা, প্রাবন্ধিক, গবেষক ও অনুবাদক। ষাটোর্ধ্ব জীবনের অধিকারী এই কবি বহুমুখী সৃজনশীলতায় ছিলেন মুখর ও বর্ণাঢ্য।

জামালপুর জেলার সরিষাবাড়ীর জয়নগরে ১৯৫০ খ্রিষ্টাব্দের ৪ জানুয়ারি জন্মগ্রহণকারী এই কবি বিগত ২০১৩ খ্রিষ্টাব্দের ১৬ জুন মর্ত্যলোকের মায়া ত্যাগ করে পাড়ি দেন না ফেরার দেশে। বৃহস্পতিবার ছিল তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী।
কবির এ তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হলো ‘কবি খোন্দকার আশরাফ হোসেন স্মরণ অনুষ্ঠান-২০১৬’। কবি খোন্দকার আশরাফ হোসেন স্মৃতি পরিষদের আয়োজনে রাজধানীর তেজগাঁও কলেজ মিলনায়তনে ছিল এই আয়োজন। এখানে কবিকে নিয়ে আলোচনা, কবির কবিতা থেকে পাঠ, কবিকে উৎসর্গ করে লেখা সংগীত পরিবেশন, সেমিনারসহ নানা আয়োজনে কবিকে স্মরণ করা হয়।
নির্ধারিত সময়ের বেশ খানিকটা সময় পর শুরু হয় অনুষ্ঠান। শুরুতে এ আয়োজনে এ স্মরণ অনুষ্ঠান উদ্বোধন করেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ। এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আফজালুল বাসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নাসির আহমেদ।
এর আগে এ উদ্বোধনী আনুষ্ঠানিকতায় কবি আশরাফ হোসেনের স্মরণে পরিবেশিত হয় সংগীত। হাজারাবী রিপনের লেখা ও দিলীপ বিশ্বাস ও মনা সেনের সুরারোপিত এ সংগীত পরিবেশন করেন স্বরুপা সুন্দর, সারথী সুন্দর ফাতেমা আনিস, লায়লা ফেরদৌস, নওরীন সাজ্জাদ, সৈয়দ মো. জুবায়ের আতিকুল ইসলাম ও সামিয়া হাবিব। আবৃত্তি পরিবেশন করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং কবির জীবনী পাঠ করেন নার্গিস জাহান বানু।
উদ্বোধনী আনুষ্ঠানিকতার পরেই শুরু হয় কবিকে নিয়ে স্মৃতিচারণ পর্ব। এ পর্বে স্মৃতিচারণা করেন কবি খলিল মজিদ, কবি কামরুল হাসান, কবি কন্যা দীপিতা শাহরুখ প্রমুখ। এরপরে শুরু হয় সেমিনার পর্ব। এ সেমিনার পর্বের শুরুতেই ‘খোন্দকার আশরাফ হোসেনের কবিতায় ঐতিহ্য চেতনা ও মুক্তিযুদ্ধ’ শিরোনামের প্রবন্ধ পাঠ করেন তেজগাঁও কলেজশিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব মোমতাজ। কবি মুহাম্মদ সামাদের সভাপতিতে এতে আলোচনায় অংশ নেন লেখক ও বাংলা নাট্যবিষয়ক গবেষক আবু সাঈদ, আহমদ ফারুক প্রমুখ।