নানা আয়োজনে নাট্য ও সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় গতকাল মঞ্চস্থ পশ্চিমবঙ্গের সংস্তব নাট্য দলের নাটক ‘ভূতনা​থ’র একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় গতকাল মঞ্চস্থ পশ্চিমবঙ্গের সংস্তব নাট্য দলের নাটক ‘ভূতনা​থ’র একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

পথনাটক, আবৃত্তি, সংগীত, নৃত্য ও মঞ্চনাটক। এত সব আয়োজন মিলে চলছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। বিকেলে উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পরিবেশনা শেষে সন্ধ্যায় মঞ্চস্থ হচ্ছে দুটি করে নাটক। আর এমন বহুমাত্রিক আয়োজনে সংস্কৃতিপ্রেমীদের আগমনে মুখরিত শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার আঙিনা। গত শুক্রবার থেকে শুরু হয়েছে এ উৎসব।
উন্মুক্ত সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে গতকাল শনিবার শুরু হয় দ্বিতীয় দিনের উৎসব কার্যক্রম। নাট্যশালার খোলা আঙিনায় বসে নাচ-গান ও কবিতাপাঠের আসর। নাট্যশালার দীর্ঘ সিঁড়িটি পরিণত হয়েছে দর্শকের আসনে।
উন্মুক্ত সাংস্কৃতিক পরিবেশনার কার্যক্রম শুরু হয় পথনাটকের মাধ্যমে। ‘আটই ফাল্গুন’ শিরোনামের পথনাটক উপস্থাপন করে নাট্যদল নাট্যযোদ্ধা। ফয়সাল আহম্মেদ রচিত ও নির্দেশিত নাটকের প্রেক্ষাপট বায়ান্নর ভাষা আন্দোলন। আবৃত্তি পরিবেশন করে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র এবং ত্রিলোক বাচিক পাঠশালা। ‘মৃত্যুর জাদুঘর’ শীর্ষক প্রযোজনা উপস্থাপন করে সংবৃতা। রবিঠাকুরের ‘বৃষ্টি এলো টাপুরটুপুর’ কবিতাটি আবৃত্তি করেন নায়লা তারান্নুম চৌধুরী। সম্মেলক গান শোনান বহ্নিশিখার কর্মীরা। নূপুরের নিক্বণে মুদ্রার সঙ্গে অভিব্যক্তির সমন্বয়ে নৃত্য পরিবেশন করে ‘নৃত্যাক্ষ’।
সন্ধ্যায় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হয় ভারতের নাট্যদল সংস্তবের নাটক ভূতনাথ। আর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পরিবেশিত হয় রাজশাহীর অনুশীলন নাট্যদলের প্রযোজনা দণ্ড। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় ভূতনাথ নাটকের নির্দেশনা দিয়েছেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। পুঁজিবাদী সমাজে চাকরিজীবী সংস্কৃতিকে উপজীব্য করে নির্মিত হয়েছে কমেডি ধাঁচের প্রযোজনাটি। পুঁজিবাদী অর্থনীতিতে মানুষ কাজের মধ্যে এতটাই ডুবে থাকে যে নিজের জীবনের জন্য সে অর্থে আর কিছুই বাকি থাকে না। কাজ করতে করতে মানুষ অনেকটা যন্ত্রে পরিণত হয়। এই কাজের বিনিময়ে মাস শেষে পাওয়া যায় কিছু টাকা। কিন্তু সত্যিকার অর্থে এই অবস্থাটি আরেক ধরনের দাসপ্রথার জন্ম দেয়। তবে এই দাসেরা সেভাবে প্রতিবাদ করে না। এই বাস্তবতা অবলম্বন করে এগিয়ে যায় নাটকের কাহিনি। ভূতনাথ চরিত্রে অভিনয় করেছেন পার্থ সারথী চন্দ্র। অন্যান্য চরিত্রে রূপ দিয়েছেন সুব্রত সমাজদার, সুনীল মুখার্জী, শেখর চক্রবর্তী ও পিনাকী মুখোপাধ্যায়।
দণ্ড নাটকটির রচনা ও নাট্যনির্দেশনা দিয়েছেন মলয় ভৌমিক। ক্ষমতা যার হাতে, সমাজ-দেশ এবং বিশ্বময় কর্তৃত্ব করার অধিকার কেবল তারই—এটাই নাটকের মূল উপজীব্য, যেখানে অর্থ, তথ্য, যুক্তি, বিচার এমনকি সত্যটাও ক্ষমতাবানেরই হাতে।