কবিগুরুর জন্মদিন নিয়ে নানা আয়োজনে কর্মমুখর ছিল গতকাল রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। এতে ছিল আলোচনা, পদক প্রদান, নাটক ও গানের আসর।

বাংলা একাডেমি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি গতকাল বিকেল চারটায় একাডেমির রবীন্দ্র চত্বরে আলোচনা, রবীন্দ্র পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মাসুদুজ্জামান। আলোচনায় অংশ নেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও অধ্যাপক বেগম আকতার কামাল। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।
স্বাগত ভাষণে শামসুজ্জামান খান বলেন, ‘রবীন্দ্রনাথ বাংলা ভাষার বৃত্ত ছাপিয়ে আজ পৃথিবীর নানা প্রান্তে গভীর আলোচনার বিষয়। তাই শুধু সাহিত্যের কোণ থেকে নয়; জগৎ ও জীবনের বিচিত্রবিধ অনুষঙ্গে তাঁকে অবলোকন ও অন্বেষণ আমাদের দিতে পারে মুক্তিপথের প্রয়োজনীয় নির্দেশনা।’
সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, ঘরে-বাইরে উপন্যাসসহ রবীন্দ্রসাহিত্যের নানা অংশে প্রেম ও রাজনীতি বিষয়ে যে নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়, তা রবীন্দ্র গবেষক ও রবীন্দ্রনাথের পাঠকের জন্য বিশেষভাবে অনুসন্ধেয়। দ্বিতীয় পর্বে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০১৪ প্রদান করা হয়। রবীন্দ্রসাহিত্য গবেষণা ও চর্চায় অবদানের জন্য কবি মনজুরে মওলা এবং রবীন্দ্রসংগীত প্রচার ও প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে রবীন্দ্র পুরস্কার-২০১৪ প্রদান করা হয়। অনুষ্ঠানে মনজুরে মওলার হাতে পুষ্পস্তবক, সনদ, ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকার চেক তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান ও শামসুজ্জামান খান। রেজওয়ানা চৌধুরী বন্যা বিদেশে অবস্থান করায় তাঁর পুরস্কারটি পরে প্রদান করা হবে বলে জানানো হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব: কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গতকাল রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের দ্বিতীয় দিনে ছিল একক বক্তৃতা ও গানের আসর। ‘দিবে আর নিবে/ মিলাবে মিলিবে/ যাবে না ফিরে’—এই ভাবনা নিয়ে পাঁচ দিনের উৎসব শুরু হয়েছে গত মঙ্গলবার। গতকাল বিকেলে ‘রবীন্দ্রসংগীতে বাউল ভাবনা’ বিষয়ে বক্তৃতা করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। পরে সংস্থার শিল্পীরা কবির প্রেম-পূজা, প্রকৃতি, স্বদেশ পর্যায়ের গান পরিবেশন করেন। এ ছাড়া ছিল আবৃত্তি।
রবীন্দ্রসংগীত শিল্পী সংসদের আয়োজন: শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে সন্ধ্যায় ছিল রবীন্দ্রসংগীত শিল্পী সংসদ আয়োজিত দুই দিনের আয়োজনের অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান। একক ও সম্মেলক গান দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানটি।
চিত্রাঙ্গদা: জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে গতকাল রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কবিগুরুর চিত্রাঙ্গদা নাটকটি মঞ্চস্থ করে নাট্য সংগঠন স্বপ্নদল। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
আজ ছায়ানটের রবীন্দ্র-উৎসব: ছায়ানটের আয়োজনে দুই দিনের রবীন্দ্র-উৎসব শুরু হবে আজ সন্ধ্যায় তাদের মিলনায়তনে সম্মেলক নৃত্যগীতি দিয়ে। গান ছাড়াও এতে থাকবে নৃত্য, পাঠ, আবৃত্তি ও বক্তৃতা।