নানা আয়োজনে উদযাপিত হুমায়ূন মেলা
নানা আয়োজনে উদযাপন করা হলো হুমায়ূন মেলা। বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার দিনব্যাপী এক ব্যতিক্রমী উত্সবের আয়োজন করা হয় তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে।মেলামঞ্চে পরিবেশিত হয় হুমায়ূন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্র ও নাটকের গান। গানগুলোর পরিবেশনায় অংশ নেন সুবীর নন্দী, মনির খান, সেলিম চৌধুরী, এস আই টুটুল, শাহনাজ বেলী, চ্যানেল আই খুদে গানরাজ ও সেরাকণ্ঠের শিল্পীরা এবং কুদ্দুস বয়াতী ও তাঁর দল।বেলা ১১টায় উত্সবমুখর পরিবেশে হলুদ রঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে হুমায়ূন মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, হুমায়ূন আহমেদের খালা রিজিয়া রহমান, কবি বেলাল চৌধুরী, আসাদ চৌধুরী, অভিনেতা আতাউর রহমান, রহমত আলী, মাজনুন মিজান, প্রাণ রায়, চলচ্চিত্রকার গাজী মাজহারুল ইসলাম, শাহ আলম কিরণ, আমজাদ হোসেন, আবদুল লতিফ বাচ্চু, খালিদ মাহমুদ, কণা রেজা, শিশুসাহিত্যিক আলী ইমাম, শিল্পী আসমা আব্বাসী, রেবেকা সুলতানা, এস আই টুটুল, সেলিম চৌধুরী, রেডিও ভূমির পক্ষে শামস সুমন, প্রকাশক মাজহারুল ইসলাম, ফরিদ আহমেদ, সংগীতপরিচালক মাকসুদ জামিল মিন্টু, সাংবাদিক গোলাম সারওয়ার, আবেদ খান, আলতাফ মাহমুদ, রেজানুর রহমান, সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ প্রমুখ।হুমায়ূন মেলার উদ্বোধনী পর্বে সবাইকে স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক মুকিত মজুমদার বাবু, আবদুর রশীদ মজুমদার এবং ইনমার পক্ষে ইন্তেখাব মাহমুদ।হুমায়ূন মেলা উপলক্ষে পাক্ষিক ‘আনন্দ আলো’ একটি বিশেষ বুলেটিন বের করে। মেলায় হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয়।হুমায়ূন মেলার পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই এবং রেডিও ভূমি।