নানা আয়োজনে কর্মমুখর সাংস্কৃতিক অঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে গতকাল মঙ্গলবার কর্মমুখর ছিল রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শনী ও দৃক গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে বিকেলে। মুক্তিযুদ্ধ জাদুঘরে সদ্য প্রয়াত সংগীত-ব্যক্তিত্ব অজিত রায়কে গান, কবিতা ও আলোচনায় স্মরণ করল গণসংগীত সমন্বয় পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রয়াত মৃদুলকান্তির স্মরণসভার আয়োজন করেছেন সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।অজিত রায় স্মরণেদরাজ কণ্ঠ নিয়ে তিনি যেমন সংগীতানুরাগীদের শ্রবণে সুরের সুধা ঢেলেছেন, তেমনি দেশমাতৃকার পরাধীনতার গ্লানি মোচনের যুদ্ধে তাঁর সেই কণ্ঠ পরিণত হয়েছিল শাণিত হাতিয়ারে। তিনি মনেপ্রাণে ছিলেন গণসংগীতের একজন দৃপ্ত পদাতিক। নিজে সুর করেছেন। আবার ষাটের দশকের সেই উত্তাল দিনগুলোতে গণসংগীত গেয়ে জনতাকে উদ্দীপ্ত করেছিলেন। ৪ সেপ্টেম্বর শিল্পী অজিত রায় চলে গেছেন চিরকালের জন্য। গানে, আলোচনায় গণমানুষের এই শিল্পীকে স্মরণ করল গণসংগীত সমন্বয় পরিষদ।মঙ্গলবার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে স্মরণসভায় স্মৃতিচারণা করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, রথীন্দ্রনাথ রায়, গোলাম কুদ্দুছ ও হাসান আরিফ। এ ছাড়া বাবার জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন শিল্পীর মেয়ে শ্রেয়সী রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানজারুল ইসলাম। স্মৃতিচারণা শেষে পরিবেশিত হয় গান ও কবিতা। গ্রামীণ প্রকৃতি শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস জলরঙে সিদ্ধহস্ত। শৈশবে তিনি ছবি আঁকা শিখেছেন এস এম সুলতানের সান্নিধ্যে। পরে ধারাবাহিক চিত্রচর্চার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গ্রামজীবনের নানা অনুষঙ্গের উপস্থিতি তাঁর ক্যানভাসে। এসব নিয়ে গতকাল বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে তাঁর একক শিল্পকর্ম প্রদর্শনী ‘গ্রামীণ প্রকৃতি’।সন্ধ্যায় ১০ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন শিল্পী হাশেম খান ও স্থপতি সামসুল ওয়ারেস।প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৪৫টি। এসব চিত্রকর্মে নদী, পল্লির প্রকৃতি ও জীবনধারা অনুপম সৌন্দর্যে মূর্ত হয়েছে। রয়েছে কুয়াশার চাদরে ঢাকা গ্রামের সকাল, কৃষক দম্পতি, ধানকাটা, পুকুরে মা ও ছেলের স্নান, শরতের স্নিগ্ধ সকাল, চিত্রা নদীর পাড়, সবজি তোলা নারী, পুকুরঘাট, গ্রামের খাল, গাছের তলায় ক্লান্ত রাখালের বিশ্রামসহ গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ। প্রদর্শনী চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।আলোকচিত্রে বানভাসি মানুষের দুঃখগাথাশত শত নারী অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। ওরা বানভাসি। দিনের পর দিন পানির মধ্যে বন্দী থেকে কেটে যাচ্ছে তাঁদের জীবন। চারদিকে পানি, কিন্তু খাওয়ার পানির বড়ই অভাব। ওরা জানে না, কবে মিলবে মুক্তি?কিছুদিন ধরে সাতক্ষীরা জেলার হাজারো মানুষ বসবাস করছেন পানির নিচে। জলাবদ্ধ মানুষের অমানবিক জীবনযাত্রার ছবি তুলতে সেখানে ছুটে গিয়েছিলেন আলোকচিত্রী আবির আবদুল্লাহ। তিনি ক্যামেরাবন্দী করেন পানির সঙ্গে মানুষের অসম যুদ্ধ। সেসব আলোকচিত্র নিয়ে মঙ্গলবার বিকেল থেকে শুরু হলো তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী ‘জলাবদ্ধ মানুষের বিপদ’। ধানমন্ডির দৃক গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এস করিম। প্রদর্শনী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ‘স্মৃতির জানলায় মৃদুলকান্তি চক্রবর্তী’গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘স্মৃতির জানলায় মৃদুলকান্তি চক্রবর্তী’ শীর্ষক শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে তাঁর জীবন ও কর্ম নিয়ে ‘স্মৃতির জানলায় মৃদুলকান্তি চক্রবর্তী’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মৃদুলকান্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সদরুল আমিন, কুহেলী ইসলাম, রোবায়েত ফেরদৌস, শাহনাজ নাসরীন, মৃদুলকান্তির স্ত্রী জয়া চক্রবর্তী প্রমুখ।