নানা আয়োজনে কিয়ারোস্তামিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্বাস কিয়ারোস্তামি
আব্বাস কিয়ারোস্তামি

প্রখ্যাত ইরানি চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামি মারা গেছেন ৪ জুলাই। কালজয়ী এই নির্মাতার প্রয়াণে তাঁকে স্মরণ করবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি), বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ, চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এফএফএসবির অনুষ্ঠানটি হবে আজ শনিবার বিকেল পাঁচটায়। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আলোচনা করবেন শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ, চলচ্চিত্র সম্পাদক জুনায়েদ হালিম, গবেষক ফাহমিদুল হক ও নির্মাতা প্রসূন রহমান। আলোচনার পর দেখানো হবে কিয়ারোস্তামির ছবি ‘টেস্ট অব চেরি’।
প্রামাণ্যচিত্র পর্ষদের অনুষ্ঠানটিও শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায়। শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে হবে এই আয়োজন। দেখানো হবে আয়ারল্যান্ডের পরিচালক প্যাট কলিনস ও ফার্গাস ডালি নির্মিত প্রামাণ্যচিত্র ‘আব্বাস কিয়ারোস্তামি: দ্য আর্ট অব লিভিং’। চলচ্চিত্রম ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনটি হবে ২৭ ও ২৮ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। এ আয়োজনের প্রথম দিন সন্ধ্যা ছয়টায় আলোচনায় অংশ নেবেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, মোস্তফা সরয়ার ফারুকী ও চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক। এরপর দেখানো হবে ‘টেস্ট অব চেরি’ ছবিটি। পরদিন বেলা তিনটা থেকে একে একে দেখানো হবে ‘থ্রু দ্য অলিভ ট্রিজ’, ‘ক্লোজ-আপ’ ও ‘হোয়ার ইজ দ্য ফ্রেন্ড’স হোম?’ ছবিগুলো।