
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল প্রবেশপথ দিয়ে ঢুকতেই ডান পাশে নজরে এল সাত ভাই চম্পা। একটু এগিয়ে গিয়ে পাওয়া গেল দুই পয়সার আলতা। এরপর গেরিলা ও অরুণ বরুণ কিরণ মালা। প্রথমটি সাদাকালো। পরেরগুলো রঙিন। একেকটি পোস্টার ধরে রেখেছে একটি সময়। দর্শকেরা বেশ আগ্রহ নিয়েই দেখছিলেন পোস্টারগুলো। বয়স্কদের অনেকের মনেই পুরোনো দিনের স্মৃতি জাগিয়ে তুলেছিল ঢাকার সিনেমার স্বর্ণযুগের পোস্টারগুলো। হাল আমলের সিনেমার হতোস্মি দশায় তাঁদের আক্ষেপ করে বলতে শোনা গেছে, ‘আহা, কী সুন্দর ছিল সেই সব ছবি, সেই সব দিন!’
বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বিএফডিসিতে তৃতীয়বারের মতো উদ্যাপিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস। সকালে বাংলাদেশ জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তাঁর নেতৃত্বে সেখান থেকেই শুরু হয় আকর্ষণীয় শোভাযাত্রা। বাদ্যের তালে তালে বিএফডিসি থেকে যাত্রা শুরু করে সোনারগাঁও হোটেল হয়ে আবার বিএফডিসিতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতিসহ বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে অংশগ্রহণ করে। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘এগিয়ে চলি ভবিষ্যত্ সৃজনে’।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে মাইলফলকের সূচনা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন। একই সঙ্গে মহাজোট সরকার চলচ্চিত্রকে শিল্প ঘোষণা এবং বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, চলচ্চিত্রকে নতুন জীবনদানের জন্য জাতীয় চলচ্চিত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে, যা দেশের চলচ্চিত্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্যসচিব মরতুজা আহমদ, অভিনেতা হাসান ইমাম, করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্সবে ‘চলচ্চিত্র ইতিহাস’, ‘ডিজিটাল চলচ্চিত্র’, ‘চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট সংকট উত্তরণের উপায়’ ও ‘আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলা চলচ্চিত্র’ শীর্ষক চারটি আলোচনা অনুষ্ঠিত হয়। এগুলো সঞ্চালনা করেন অনুপম হায়াত্, মতিন রহমান, মোহাম্মদ হোসেন ও মোরশেদুল ইসলাম।
আলোচক ছিলেন কাজী হায়াত্, মশিউদ্দিন শাকের প্রমুখ। এফডিসির সাউন্ড কমপ্লেক্স এলাকায় স্থাপিত অস্থায়ী উত্সব মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। চলচ্চিত্রাভিনেতা ও অভিনেত্রীদের অংশগ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শকদের কাছে ছিল খুবই আকর্ষণীয়।
দিনের কর্মসূচিতে আরও ছিল চলচ্চিত্র নির্মাণসংক্রান্ত বিভিন্ন সরঞ্জামের মেলা, রেড কার্পেটে তারকাদের পদচারণ, স্থিরচিত্র প্রদর্শনী, সেমিনার, চলচ্চিত্র নির্মাণবিষয়ক বিশেষ প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী। শিশু-কিশোরদের বিনোদনের জন্য ছিল পুতুলনাচ, নাগরদোলা, বায়োস্কোপ।
দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সাধারণ দর্শকেরাও উপভোগ করেছেন।
শিল্পকলার আয়োজন: জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমীতে চলছে পাঁচ দিনের অনুষ্ঠানমালা। গতকাল অনুষ্ঠানের দ্বিতীয় দিন দেখানো হয় আব্দুল জব্বার খান পরিচালিত চলচ্চিত্র মুখ ও মুখোশ। এরপর সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অনুপম হায়াত্, মানজারেহাসীন মুরাদ, মোরশেদুল ইসলাম, মশিউদ্দিন শাকের প্রমুখ।
শিকাগোতে রফি হকের প্রদর্শনী
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের সাদার্ন এশিয়ান স্টাডিজে আজ শুক্রবার বাংলাদেশের শিল্পী রফি হকের একক চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ফস্টার হলে ‘জার্নাল অব অ্যান আর্টিস্ট’ শিরোনামে এই প্রদর্শনী চলবে ২৩ মে পর্যন্ত। এ ছাড়া রফি হক ১০ এপ্রিল ফস্টার হলে ‘বাংলাদেশের চিত্রকলা: প্রবণতা ও স্বরূপসন্ধান’ শীর্ষক বক্তৃতা দেবেন।
রফি হক ১৯৬৫ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি নেন। দেশে ও বিদেশে তাঁর চিত্রকর্মের বেশ কিছু একক ও দলীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।