নানা আয়োজনে জাদুঘর দিবস উদ্যাপন
‘জাদুঘর সংস্কৃতির দৃশ্যমান আধার। সংস্কৃতি নিয়ে আমাদের গর্ব করার অনেক কিছু আছে। সংস্কৃতি একটা তাত্ত্বিক বিমূর্ত শব্দ। আর জাদুঘর এর মূর্ত ভান্ডার। এই মূর্ত ভান্ডার আমাদের তাৎক্ষণিক যত জ্ঞান দেয়, অন্য কোনো উৎস তত দেয় না। আমাদের জাদুঘরের শ্রীবৃদ্ধি হোক, সেই কামনা করি।’আন্তর্জাতিক জাদুঘর দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার আওতায় ভট্টশালী স্মারক বক্তৃতায় এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম হোসেন।গতকাল বুধবার সকালে জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন জাদুঘরের প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান।এর আগে দিবসটি উপলক্ষে দিনের কর্মসূচি শুরু হয় শোভাযাত্রার মধ্য দিয়ে। জাদুঘর থেকে দোয়েল চত্বর পর্যন্ত এই শোভাযাত্রায় সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সচিব সুরাইয়া বেগম, জাদুঘরের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ অংশ নেন।সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ কাজী কেরামত আলী। আলোচনায় অংশ নেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম ও প্রকাশ চন্দ্র দাস।আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন মিতা হক ও ফাহিম হোসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিদায় অভিশাপ’ কবিতার নৃত্যনাট্যরূপ উপস্থাপন করে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র। নৃত্য পরিচালনায় ছিলেন তামান্না রহমান, একই সঙ্গে তিনি অন্যতম প্রধান চরিত্র দেবযানীর রূপদান করেন। অন্য প্রধান চরিত্র কচের ভূমিকায় ছিলেন সুব্রত দাশ। ভরতনাট্যম কর্মশালামগবাজারের নজরুল একাডেমীর পুরো প্রাঙ্গণ শিশুদের পদচারণায় মুখরিত। তাদের কেউ এসেছে মায়ের হাত ধরে, কেউ বাবার। কারও কারও সঙ্গে আছেন দুজনই। উদ্দেশ্য, একাডেমী আয়োজিত ভরতনাট্যম কর্মশালায় অংশ নেওয়া। গতকাল বুধবার বিকেলে ১০ দিনব্যাপী এই কর্মশালার প্রশিক্ষণ শুরু করেন কলকাতার নৃত্যশিল্পী অর্পিতা সোম। যৌথভাবে এই কর্মশালা পরিচালনা করবেন নৃত্যশিক্ষক আমিরুল ইসলাম ও মহিব্বা তাবাচ্ছুম। কর্মশালায় ঢাকা ও ঢাকার বাইরের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নিচ্ছে। ঢাকায় আন্তর্জাতিক নাট্যোৎসবএখন থেকে প্রতি দুই বছর পর পর ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করা হবে। এতে ভারত, নেপাল, সিঙ্গাপুর ও হংকং থেকে পাঁচটি বিদেশি নাট্যদল অংশ নেবে। ২১ মে থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় প্রথম ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। নাট্যশালার তিনটি মিলনায়তনে নাটকগুলো মঞ্চস্থ হবে। বাংলাদেশ সরকারের অর্থানুকূল্যে এবং শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এবারের উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, ঝুনা চৌধুরী প্রমুখ। আগামী শনিবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। প্রধান অতিথি থাকবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বাংলাদেশের মোট ১৯টি নাট্যদল উৎসবে অংশ নেবে, যার মধ্যে ঢাকার বাইরের চারটি নাট্যদল রয়েছে। এ ছাড়া ভারতের প্রখ্যাত নির্দেশক কানাইহা লালের পরিচালনায় অনুষ্ঠিত হবে দুই দিনের বিশেষ কর্মশালা।