নানা আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির চিরচেনা দৃশ্য। পরনে সাদা পাঞ্জাবি, কালো কোট। মঞ্চে দাঁড়ানো। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—সেই অমর ঘোষণায় গমগম করে ওঠে মঞ্চ। প্রতীকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঞ্চে তর্জনী উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। নেপথ্যে তাঁর সেই বজ্রকণ্ঠ। মঞ্চের আশপাশ যেন তখন রেসকোর্স ময়দান। দর্শকেরা হারিয়ে গেছেন একাত্তরের ঐতিহাসিক ৭ মার্চের আবহে। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ লোক নাট্যদলের মুজিব মানে মুক্তি নাটকের দৃশ্য ছিল এটি।১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ড পৃথিবীর সব বিবেকবান মানুষকে বেদনাহত করেছে। তাঁকে স্মরণ করে গতকাল শিল্পকলা একাডেমী ও বাংলা একাডেমীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল আলোচনা, সংগীত, আবৃত্তি, চিত্রকলা প্রদর্শনী ও নাটক। মুজিব মানে মুক্তি নাটকের শুরুতে নেপথ্যে বাজতে থাকা একটি দেশাত্মবোধক গানের সঙ্গে মঞ্চে তুলে ধরা হয় শেখ মুজিবুর রহমানের শৈশবের নানা ঘটনা। গল্প এগিয়ে যায়। ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা হয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং এর ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ।নাটকে বাংলাদেশের অভ্যুদয়ের ধারাবাহিক ইতিহাসের সঙ্গে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন পর্ব ও জীবনাবসান পর্যন্ত ঘটনাপ্রবাহ কালানুক্রমিকভাবে তুলে ধরা হয়েছে। এর সঙ্গে রয়েছে মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের হিংস্রতার ঘটনা। এতে অভিনয় করেছেন প্রায় ৫০ জন নাট্যকর্মী। নাটকটির নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী। সন্ধ্যায় নাটক শুরুর আগে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শোক দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন তিমির নন্দী, সাদি মহম্মদ, আবু বকর সিদ্দিকী, শিবু রায়, হাসিনা মমতাজ, সালমা চৌধুরী প্রমুখ। এ ছাড়া ছিল দলীয় সংগীত ও একক আবৃত্তি।এ ছাড়া বিকেলে এখানে প্রদর্শিত হয় চিরঞ্জীব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর জাপান সফর, অসামান্য মহাকাব্য ও এ স্টাট ইজ বর্ন এই চারটি প্রামাণ্যচিত্র। বাংলা একাডেমীর আয়োজনবাংলা একাডেমীতে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে একক বক্তৃতা, গান, আবৃত্তি ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকেলে একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। একক বক্তৃতা দেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান।বক্তারা বলেন, ১৫ আগস্টের ঘাতকদের অবস্থান ছিল ইতিহাসের বিরুদ্ধে। কারণ, বাংলাদেশের ইতিহাস মানেই বঙ্গবন্ধু। ঘাতকেরা ভাবেনি যে লোকান্তরিত মুজিব বাঙালির মানসপট থেকে অন্তর্হিত না হয়ে ক্রমশ সূর্যের মতো ভাস্বর হবেন।পরে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন মাহিদুল ইসলাম, সংগীত পরিবেশন করেন ফারহানা শিরিন। শেষে প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক নাগিসা ওসিমা নির্মিত রহমান দ্য ফাদার অব বেঙ্গল তথ্যচিত্রটি প্রদর্শিত হয়। ‘তৃতীয় একজন’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী আজআজ শুক্রবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে অনুষ্ঠিত হবে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নতুন প্রযোজনা তৃতীয় একজন নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। নাটকটি রচনা করেছেন সমীর দাশ গুপ্ত, নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। তৃতীয় একজন শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ১৯তম প্রযোজনা। নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা ও রওশন জান্নাত। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান।