
যান্ত্রিক এ নগরে পাখির ডাক খুব কম শোনা যায়। ফুলের দেখা পাওয়া যায় বাসাবাড়ি চিলেকোঠায় কিংবা পরিকল্পিত উদ্যানে। তবু কংক্রিটের জঙ্গলে বসন্ত নগরবাসীর মনে দোলা দেয়। এখানে বসন্তের আগমনী বার্তা যত না ফুল-পাখির কাছ থেকে, তার চেয়ে অনেক বেশি পাওয়া যায় নারীদের শাড়ি-চুড়ি, খোঁপার ফুল আর পুরুষের ফতুয়া-পাঞ্জাবির বাসন্তী রং থেকে। গতকাল পয়লা ফাল্গুনের রাজধানী বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, শিল্পকলা একাডেমী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র সে কথাই বলছিল।
এ ছাড়া রাজপথ থেকে শুরু করে ব্যস্ত করপোরেট অফিসকর্মীদের অনেকের সাজ-পোশাকেও ছিল বাসন্তী রঙের প্রাধান্য। তবে চারুকলার চিত্রটা ছিল একেবারেই অন্য রকম। সেখানে রূপ, রং, নৃত্য, গান, কবিতা আর বসন্তকথনের প্রাচুর্য ছিল।
জাতীয় বসন্ত উত্সব: প্রতিবারের মতো ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুরু হয় বসন্ত উত্সব। ‘এসো প্রাণের উত্সবে’ স্লোগানে বসন্ত উত্সব ১৪২০ আয়োজন করে জাতীয় বসন্ত উত্সব উদ্যাপন পরিষদ। সকালে শিল্পী আকরাম হাসান এসরাজের সুরে ‘রাগবসন্ত’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উত্সব। এরপর ‘বসন্ত পাঠ’ করেন পূজা সেনগুপ্ত। শর্মিলী বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল্’ সংগীতে দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্য-নন্দন। ‘দোল ফাগুনের দোল লেগেছে’ সংগীতে দলীয় নৃত্য করে নৃত্যম। ‘ওরা অকারণে চঞ্চল’ সংগীতের সঙ্গে ধৃতি পরিবেশন করে দলীয় নৃত্য। স্পন্দন পরিবেশন করে ‘ঢোল বাজে ঢোল বাজে বাংলাদেশের ঢোল’ সংগীতে দলীয় নৃত্য।

লায়লা হাসানের দল নটরাজ পরিবেশন করে ‘আজ সবার রঙে রঙ মিশাতে হবে’, ‘আইলো ফাগুনের নব আনন্দে গানের সঙ্গে’ ধ্রুবতান দলীয় নৃত্য ও ‘রাঙিয়ে দিয়ে যাও’ ভাবনা দলীয় নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে দলীয় সংগীত উপস্থাপন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরশপ্তক ইত্যাদি সংগঠন। এ ছাড়া সুরের ধারা, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা দলীয় সংগীত পরিবশেন করেন। একক সংগীত ‘বসন্ত এলো এলো রে’ পরিবেশন করেন খায়রুল আনাম ও লালন সংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার।
এ ছাড়া বিকেলে চারুকলা বকুলতলায় শিশু-কিশোরদের উপস্থাপনায় ছিল গান, নাচ ও কবিতা আবৃত্তি।
গতকাল বিকেলে বসন্ত উত্সব উদ্যাপন কমিটি রাজধানীর বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান করে। ধানমন্ডি রবীন্দ্রসরোবরে ও বাহাদুরশাহ পার্কে গান, নাচ ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বসন্ত উত্সব পালন করে নগরবাসী।
চট্টগ্রামে বর্ণিল বসন্তবরণ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান বসন্তের প্রথম দিনকে বরণ করে নিতে চট্টগ্রামে আয়োজনের কমতি ছিল না। নানা উত্সবের মধ্য দিয়ে গতকাল বসন্ত বরণ করে নিয়েছে নগরবাসী। ভোর থেকেই বাসন্তী শাড়ি, পাঞ্জাবি, ফুলের মালা ও গয়না পরে উত্সবপ্রিয় মানুষের গন্তব্য ছিল নগরের ডিসি হিলের দিকে। বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বরাবরের মতো আনন্দের হাট বসেছিল সেখানে। বোধনের আয়োজনের এবারের স্লোগান, ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’। মায়ের হাত ধরে বাসন্তী সাজে সেজে সকাল আটটায় নগরের ডিসি হিলে হাজির হয় চার বছরের ছোট্ট রায়না। মা ফারজানা বলেন, ‘বাঙালি সংস্কৃতির বড় উত্সবের একটি বসন্তবরণ। আমার সন্তান যাতে এ সংস্কৃতিকে লালন করে বড় হতে পারে, সে জন্য প্রতিবছরই ওকে এখানে নিয়ে আসব।’
বিকেলে নগরের শিল্পকলা একাডেমীতে বসন্তবরণ উত্সবের আয়োজন করে আবৃত্তি সংগঠন প্রমা। তাদের উত্সবের স্লোগান ছিল ‘বসন্তের মৌতাতে জাগে জীবনের জয়গান’। এ উত্সবের সহ-আয়োজক ছিল শিল্পকলা একাডেমী ও ভারতীয় সহকারী হাইকমিশন। বিকেলে মুক্ত আকাশে বেলুন উড়িয়ে উত্সবের সূচনা হয় এখানে। পুরো আয়োজনজুড়ে ছিল আদিবাসী নৃত্য, সংগীত, ঢোলবাদন ও কবিতাপাঠ।
বিকেলে শিশুদের পদচারণে মুখরিত ছিল শিশু একাডেমী প্রাঙ্গণ। তাদের আয়োজনে ছিল শিশু আনন্দমেলা ও বসন্ত উত্সব। বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।