নানা আয়োজনে হুমায়ুন ফরিদীর জন্মদিন পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা হুমায়ুন ফরিদীর ৬০তম জন্মদিন পালন উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। রাজধানীর ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় হুমায়ুন ফরিদীর জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। শক্তিমান এই অভিনেতাকে শুভেচ্ছা জানানোর জন্য তাঁর দীর্ঘদিনের সহকর্মী বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা বেশ আগে থেকেই ছায়ানট মিলনায়তনে হাজির হয়েছিলেন।সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে হুমায়ুন ফরিদী অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে সেখানে উপস্থিত সবাই দাঁড়িয়ে তাঁর প্রতি সম্মান জানান। কিছুক্ষণ পরই ‘হুমায়ুন ফরিদী জন্মদিন উদযাপন কমিটি’র আহ্বায়ক আজাদ আবুল কালামের ঘোষণার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। একপর্যায়ে তিনি অনুষ্ঠান পরিচালনার দায়িত্বভার অভিনেতা আফজাল হোসেন ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ওপর দিয়ে মঞ্চ ত্যাগ করেন।অনুষ্ঠানের শুরুতেই হুমায়ুন ফরিদীকে সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন অতিকুল হক চৌধুরী। এর পরই মঞ্চে তাঁর জন্য নির্ধারিত আসনে বসেন হুমায়ুন ফরিদী।উত্তরীয় পরিয়ে দেওয়ার পরই উপস্থিত সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন হুমায়ুন ফরিদী।এর পরই ব্যক্তিগত ও অভিনয় থেকে শুরু করে ফরিদীর পুরো জীবন নিয়ে আলোচনা করেন তাঁর অগ্রজ ও অনুজ সহকর্মীরা। এর মধ্যে ছিলেন এ টি এম শামসুজ্জামান, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আবেদ খান, মামুনুর রশীদ, তারিক আনাম খান, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, আফসানা মিমি, সাদিয়া ইসলাম মৌ, তমালিকা কর্মকার ও ফারহানা মিঠুসহ আরও অনেকে।হুমায়ুন ফরিদীকে নিয়ে আলোচনার ফাঁকে ফাঁকে চলে গান। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মিতা হক ও সজীব।এর আগে অভিনেত্রী আফসানা মিমি জীবন্ত কিংবদন্তি এই অভিনেতাকে নিয়ে তৈরি মানপত্র পাঠ করেন এবং তা হুমায়ুন ফরিদীর হাতে তুলে দেন।এ ছাড়া আজ হুমায়ুন ফরিদীর ৬০তম জন্মদিন উপলক্ষে তাঁর বর্ণাঢ্য জীবন নিয়ে রচিত ‘বালাই ষাট’ নামে একটি বই প্রকাশ করা হয়।