নানা ছাড়া নাতি অসম্পূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জানুয়ারি চলে গেলেন অমল বোস। এই শক্তিশালী অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন নানা-নাতির দ্বিতীয় জন মোহাম্মদ শওকত আলী তালুকদারনানা-নাতি চরিত্রে কাজ শুরু করেছিলাম ১৬ বছর আগে। ‘ইত্যাদি’র শুটিংয়ে প্রথম পরিচয় তাঁর সঙ্গে। চিত্রনাট্যটা ছিল এমন—রাস্তায় এক স্বাস্থ্যবান ভিক্ষুক এসে নানার কাছে ভিক্ষা চাইছে। নানা তাকে টাকা দিলেন। তখন আমি বললাম, স্বাস্থ্যই সকল সুখের মূল। নানা বললেন, ‘তাতে তোর সমস্যা কী?’ আমি বললাম, এই লোকের তো স্বাস্থ্য ভালো, কিন্তু সুখ কেন নেই? আজ মনে হচ্ছে, নানা ছাড়া নাতি চরিত্র অসম্পূর্ণ। কত শত স্মৃতি আমাদের! ‘ইত্যাদি’তে হানিফ সংকেত সুযোগ দিয়েছেন। নানা-নাতি চরিত্রে আমাদের অভিনয় বেশ জনপ্রিয় হয়েছিল। অমল বোস দাদা আমাকে হাতে-কলমে অভিনয় শিখিয়েছেন—কীভাবে সংলাপ বলতে হবে, মঞ্চে কীভাবে দাঁড়াতে হবে, মাইক্রোফোনটা ঠিকমতো ধরা হয়েছে কি না। ভীষণ ভালোবাসতেন আমাকে। প্রায় চার বছর আগে ‘ইত্যাদি’র শুটিং করেছিলাম। সেটি ঈদের বিশেষ ‘ইত্যাদি’ ছিল। মাঝে আমরা বিরতি নিয়েছি। আমরা চেয়েছিলাম নানা-নাতি চরিত্র নতুনভাবে উপস্থাপন করতে। কিন্তু আমাদের কাজ করা থেমে থাকেনি। কয়েকটি বিজ্ঞাপনে, দেশ-বিদেশে বিভিন্ন মঞ্চে একসঙ্গে অভিনয় করেছি। নিয়মিত যোগাযোগ ছিল সব সময়ই। যেকোনো পরামর্শের জন্য তাঁর কাছে ছুটে গিয়েছি। কিসে আমার ভালো হবে, সেটি তিনি ভাবতেন। অমল দাদার মতো ভালো মনের মানুষ আমার এ জীবনে খুব একটা দেখিনি। এই মানুষটির সঙ্গে আর কাজ করতে পারব না, সেটি বুঝতে পারিনি। তাঁর মৃত্যুসংবাদ শোনার পর থেকেই চোখের সামনে নানা স্মৃতি ভেসে আসছে। কাছের মানুষেরা আমাকে নিপু ডাকে। অমল দাদাও এই নামে ডাকতেন। দর্শক, ভক্তরা যখন আমাদের কাছে আসত, অমল দাদা কখনোই বিরক্ত হতেন না। তিনি বলতেন, ‘মানুষের ভালোবাসার কারণে আমরা আজ এ অবস্থানে। তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবি না।’ এই কথাটা মনে রেখেছি। আমি এখন যুক্তরাজ্যের লন্ডনে। দেশের বাইরে থাকার কারণে অমল দাদাকে আর শেষ দেখার সুযোগ হলো না। আমি হারালাম আমার শুভাকাঙ্ক্ষী-অভিভাবককে। তিনি যেন স্বর্গবাসী হোন—সেই প্রার্থনা করি।