নানা সাংস্কৃতিক বৈচিত্র্যের লীলাভূমি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এ অঞ্চলের ৪৪টি দেশেরই রয়েছে নিজস্ব সংস্কৃতি, ভাষা আর ঐতিহ্য। এসব বৈচিত্র্য সংরক্ষণ ও তার বিকাশে বুধবার থেকে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যসংক্রান্ত মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন (সিডিএমএফ)। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের শিক্ষা ও শিল্প-সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।গতকাল বৃহস্পতিবার সম্মেলনের দ্বিতীয় দিনে ছিল সকাল থেকে সেমিনার ও এই অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যায় বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন ও শ্রীলঙ্কার শিল্পীরা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।সন্ধ্যা সাতটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই মঞ্চে আসেন ইন্দোনেশিয়ার নৃত্যশিল্পীরা। নৃত্যের নানা তালে আর সংগীতের সুরমূর্ছনার মধ্য দিয়ে টানা ১৫ মিনিট তাঁরা তুলে ধরেন নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতিকে। তাঁদের নূপুরের নিক্বণধ্বনির রেশ কাটতে না-কাটতেই মঞ্চে উপস্থিত বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন ‘রূপান্তর’। রূপান্তরের শিল্পীদের কণ্ঠে গীত হয় নড়াইল জেলার জনপ্রিয় আঞ্চলিক গান ‘হালুই’। সাধারণত পৌষের শেষ সপ্তাহে কৃষকদের ফসল তোলা উপলক্ষে জমে ওঠে হালুই গান। বিদেশি অতিথিরা মুহুর্মুহু করতালি দিয়ে হালুই গানের পরিবেশনা উপভোগ করেন। এসব গানের কথায় উঠে আসে দেশ, দেশের মানুষ, সমাজের ভালো-মন্দ ও মহত্ ব্যক্তিদের জীবনী। এরপর ক্ষুদ্র নৃগোষ্ঠী ওঁরাওদের সাংস্কৃতিক সংগঠন ইথিং পরিবেশন করে ঐতিহ্যবাহী ‘ওঁরাও নাচ’।এরপর চীনের নৃত্যশিল্পীরা মঞ্চে আসেন নীল ময়ূরের সাজে। পেখম মেলে তাঁরা পরিবেশন করেন চীনের ঐতিহ্যবাহী ময়ূরনৃত্য। এই নাচের পর শিল্পী জো হুই চীনের ঐতিহ্যবাহী লোকবাদ্যযন্ত্রগুলোর সমন্বয়ে চার মিনিটের একটি সৃজনশীল বাদন পরিবেশন করেন।চীনা শিল্পীদের পরিবেশনার পর লালন সাঁইয়ের গান গেয়ে শোনান বাংলাদেশের কুষ্টিয়ার বাউলেরা। লালনের অসাম্প্রদায়িক চেতনায় গানের পর ফিলিপাইনের সংগীতশিল্পীরা তাঁদের ভাষায় পরিবেশন করেন ‘একোই ইসাং পিনয়’ ও ‘আনাক’ শিরোনামের দুটি গান।এরপর ছিল দেশের লোকসংস্কৃতির অন্যতম বিনোদন মাধ্যম ‘যাত্রাপালা’। যাত্রা শেষে নৃত্য পরিবেশন করেন শ্রীলঙ্কার নৃত্যশিল্পীরা। অনুষ্ঠান শেষ হয়েছিল বাংলাদেশের নৃত্যদল ‘স্পন্দন’-এর সমবেত নৃত্য দিয়ে।সেমিনার: আগে সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয় সম্মেলনের তিনটি সেমিনার। সকাল সাড়ে নয়টায় রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবারের প্রথম সেমিনার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এতে ‘পার্টিসিপেটরি গভর্নেন্স ফর কালচার’ বিষয়ে আলোচনা করেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কোয়ালিশন ফর কালচারাল ডাইভার্সিটি—আইএফসিসিডির নির্বাহী পরিচালক চার্লস ভ্যালেরাঁ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। এর পরের সেমিনারে সভাপতিত্ব করেন কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রী এ বুরিবায়েভ। এ পর্বে ‘রিকগনাইজিং, এনগেজিং, সেলিব্রেটিং ডাইভারসিটি অব কালচারাল এক্সপ্রেশনস’ বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। তৃতীয় সেমিনারে সভাপতিত্ব করেন পালাউয়ের সমাজ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফসটিনা কে রেহুয়ার মারুগ। এ পর্বে ‘ডাইভারসিটি অব কালচারাল এক্সপ্রেশনস: রোল অব ওমেন’ বিষয়ে আলোচনা করেন ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। পর্বটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কায়সার হক। এরপর অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা পর্ব।মধ্যাহ্ন বিরতির পর বিকেলে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে যান অতিথিরা। সেখানে ‘বাংলাদেশ: প্রোমোটিং কালচারাল ডাইভারসিটি’ বিষয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এবং নাট্যজন আলী যাকের। এর সঞ্চালনা করেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন।