নানা প্রতিকূলতার মধ্যে নাটকের বেঁচে থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে শব্দাবলীর উদ্যোগে আন্তর্জাতিক নাট্যোৎ​সব উপলক্ষে আয়োজিত সেমিনারে (বাঁ থেকে) প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, নাট্যজন মামুনুর রশিদ ও সৈয়দ দুলাল l ছবি: প্রথম আলো
বরিশালে শব্দাবলীর উদ্যোগে আন্তর্জাতিক নাট্যোৎ​সব উপলক্ষে আয়োজিত সেমিনারে (বাঁ থেকে) প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, নাট্যজন মামুনুর রশিদ ও সৈয়দ দুলাল l ছবি: প্রথম আলো

নাট্যজন মামুনুর রশীদ বলেছেন, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও যদি একজন অভিনেতা ও একজন দর্শক বেঁচে থাকে, তাহলেও নাটক বেঁচে থাকবে।
গতকাল শনিবার বেলা ১১টায় শব্দাবলীর স্টুডিও থিয়েটার মঞ্চে অনুষ্ঠিত ‘নানা প্রতিকূলতার মধ্যে নাটকের বেঁচে থাকা’ শীর্ষক সেমিনারে এই আশার কথা বলেন নাট্যজন মামুনুর রশীদ।
শব্দাবলী স্টুডিও থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের অংশ হিসেবেই ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করতে গিয়ে মামুনুর রশীদ বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের থিয়েটার হলগুলোর ধ্বংস দেখে খ্যাতিমান নাট্যকার পিটার ব্রুক ভেবেছিলেন, নাটক আর ইউরোপে বেঁচে থাকবে না। কিন্তু ইউরোপে নাটক কেবল বেঁচেই থাকেনি, বরং নাটক রাজনীতি, সমাজনীতি এবং ভাববিনিময়ের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হয়ে টিকে আছে। পিটার ব্রুকও নাটকের মাধ্যমেই স্বনামধন্য নাট্যনির্দেশক ও নাট্যধারার প্রতীক হয়ে আছেন। আমাদের দেশেও নাটক বেঁচে থাকবে। আমাদের সংস্কৃতি, মুক্তিযুদ্ধ এবং রাজনীতির সঙ্গে নাটক মিলেমিশে আছে।’
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে নাট্যকর্মীদের নানামুখী প্রশ্নের উত্তর দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান ও নাট্যজন মামুনুর রশীদ।
সেমিনারে নাট্যজন সৈয়দ দুলাল বলেন, মুক্তিযুদ্ধ-পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে বাংলাদেশে নাট্যচর্চা ব্যক্তিগত উদ্যোগেই হয়ে আসছে, যা বিশ্বের কাছে সমাদৃতও হয়েছে। নাটকের পেশাদারত্ব শুরু হওয়ার সময় এখনই। সে জন্য প্রয়োজন রাষ্ট্রীয় সহযোগিতা।
এরপর সন্ধ্যা সাড়ে পাঁচটায় স্টুডিও থিয়েটার মঞ্চে জেন্টেলম্যান প্যান্টোমাইম-ঢাকার পরিবেশনায় দ্য আনসার্টেন ওয়ার্ল্ড এবং সন্ধ্যা সোয়া সাতটায় অশ্বিনীকুমার হল মঞ্চে বাঙলা থিয়েটার-ঢাকা মঞ্চায়ন করে অমানুষ নাটক।