নানাজানের সঙ্গে আমার অনেক মিল
মেহেরজান ছবিতে নানাজানের ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জী। ছবির উদ্বোধনী প্রদর্শনীর দিনে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে মুখোমুখি হলেন আনন্দ-এর। মেহেরজান ছবিতে অভিনয় করতে আগ্রহী হলেন কেন?চিত্রনাট্য পড়েই আমার মনে হয়েছে, চরিত্রটা বেশ ভেবে-চিন্তে করা। এত দিন অভিনয় করে একটা ব্যাপার হয়েছে, আমি ছবির সেটে পা রেখে মোটামুটি মিনিট পাঁচেকের মধ্যেই বুঝতে পারি কারা কাজটা সিরিয়াসলি করছে, কারা করছে না। রুবাইয়াত বা আশিক (আশিক মোস্তফা) খুব তাড়াহুড়ো করে ওরা কোনো কিছু করেনি। শুরুতেই বুঝেছি, এদের একটা জাত আছে। ওরা স্রেফ বাজারের কথা ভেবে ছবির একটি শটও নেয়নি। নিজেদের রুচি, বিশ্বাস—এসব কিছু থেকে ওরা কাজ করেছে। সত্যি বলতে, নানাজানের মতো চিন্তা উদ্রেককারী চরিত্র আমি খুব কমই পেয়েছি। নানাজান-এর চরিত্রটির কোন দিকটি আপনাকে আকর্ষণ করে?নানাজান চরিত্রটার সঙ্গে আমার অনেক মিল। মেহেরজান ছবিতে দেখবেন, নানাজান প্রকৃতি ভালোবাসে। পাখি ভালোবাসে। তার একটা দার্শনিক অবস্থান আছে। আমিও আবার ফিলসফি বিষয়টা খুব ঘাঁটি। ফুল, পাখি, প্রকৃতি—এসব নিয়ে থাকতে ভালোবাসি। অলওয়েজ। মানুষটা যা বিশ্বাস করে, আমিও তা-ই বিশ্বাস করি। ও লাহোরে পড়াশোনা করেছিল। উর্দু, ফারসি—সব ভাষাতেই দখল আছে। এ দেশকে ভালোবাসে। সবচেয়ে বেশি যার জন্য বইটা করলাম, আমার মনে হয়েছে, আশিক ও রুবাইয়াত দুজনই সিরিয়াস স্কলার। ওরা সাউথ এশিয়ান স্টাডিজ বিষয়ে পড়েছে। ওদের প্রচুর জানাশোনা আছে এই বিষয়টায়। আশিকের দাদা ছিল একজন সুফি। তার একটা প্রভাব চরিত্রটায় আছে। ইসলামিক লিবারিজম বিষয়টা নানাজানের মধ্যে আছে। এত বিচিত্র ছবি, এত বিচিত্র চরিত্র। ছবি দেখে অন্তত ব্যক্তি ভিক্টর ব্যানার্জীকে বোঝা মুশকিল। আসলে ব্যক্তি ভিক্টর ব্যানার্জী মানুষটা কেমন?বলতে পারেন একজন পলাতক অভিনেতা। পালিয়ে বেড়াই। কেউ যদি বলে তোমার নেশা কী? নেশাটা অভিনয়। সেই নেশা থেকে যদি আয় হয়, তার চেয়ে ভালো কিছু তো হতে পারে না। অভিনয় করি। যে যা দেয়, সেটা নিয়ে বাড়ি চলে যাই। ব্যস। আপনার মসৌরির বাড়ির কথা বলুন।মসৌরি! ওখানে এখন বেজায় ঠান্ডা। পাখিদের খাওয়ানো। ক্যাটালগ মিলিয়ে দেখি, কোন সময় কোন পাখি এল, কোন পাখি গেল। পাখির যত্ন-আত্তির কাজটা নিজের হাতেই করি। এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে না, এটা কিন্তু আমি কোনো বই না পড়ে শুধু মসৌরিতে বসেই বলে দিতে পারি। আমার ছোট্ট একটা কটেজ আছে। প্রায় আট হাজার ফুট উুঁচতে। ওটার আশপাশে পাখির আসা- যাওয়ার পরিবর্তন দেখে আবহাওয়ার পরিবর্তনটা আরামসে বোঝা যায়। কটেজে বসে একটা বই খুলে পড়তে শুরু করো, দারুণ একটা বাক্য ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলে; কেউ কিচ্ছু বলার নেই। একদম শান্ত, নিরুপদ্রব জীবন। আমাদের তিনটি কুকুর বাঘে তুলে নিয়ে গেছে। আমরা একদম ঠান্ডার দিকে থাকি। কাছের দেরাদুন থেকে তিন ডিগ্রি তামপাত্রা তফাত। তাপমাত্রা মাইনাস টু চলছে ওখানে। এর আগেও বাংলাদেশি ছবিতে অভিনয় করতে ঢাকা এসেছেন। এবার বাংলাদেশে আসার অভিজ্ঞতা কেমন?মেহেরজান-এর পুরো দল—ওরা আমাকে কী যে সম্মান দেখিয়েছে! তার কোনো তুলনা হয় না। আর এম্নিতে যদি বলি, এবার সর্দি হয়ে গেল এই গরমে এসে। এখানে তো রীতিমতো গরম। মসৌরিতে বেজায় ঠান্ডা। এয়ারপোর্টে নেমে একটু শীত শীত করছিল। গাড়িতে উঠতে না উঠতেই রীতিমতো গরম বোধ হতে লাগল। সত্যি বলতে, তোমাদের এখানকার আতিথেয়তার কোনো তুলনা হয় না। ঢাকায় বেশ কিছু বন্ধুবান্ধব আছে আমার। আমি শিলংয়ে যে স্কুলে পড়তাম, সেখানে পূর্ব পাকিস্তানের অনেকেই পড়ত। সেখান থেকেই বন্ধুত্ব। একটা চরিত্র করতে রাজি হওয়ার আগে কোন দিকটা দেখেন?আমি মেথড অ্যাক্টিংয়ের দিকে যাই না। নিজের চরিত্রটা পড়তে পড়তে, হঠাৎ একটা জায়গায় গিয়ে জাদুমন্ত্রের মতো মনে হয়, এইবার আমি ঠিকভাবে চরিত্রটা ধরতে পেরেছি। আসলে এটাই হচ্ছে আমার চরিত্রটা। আমি দেখি যে এটা অব্যর্থ ফর্মুলা। সব বড় পরিচালকদের এভাবেই খুশি করেছি। ঘরে বাইরে করতে গিয়ে যেমন মানিকদাকে ( সত্যজিৎ রায়) বলেছিলাম, ‘দেখুন, মানিকদা, ঘরে বাইরে হয়তো আপনি ভালো বোঝেন, কিন্তু নিখিলেশ (চৌধুরী) চরিত্রটা আমি আপনার চেয়ে ভালো বুঝি।’ মানিকদা কথাটা শুনে হেসেছিলেন।