নানান দেশের নান্দনিক শ্রেণীকক্ষ
ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল বুধবার সন্ধ্যার চিত্রটা ছিল দেখার মতো। বাইরের ক্যাফে, ভেতরের মিলনায়তনে বেশ ভিড়। বেশির ভাগই তরুণ। উপস্থিত দর্শকদের কেউ পেশায় স্থপতি কিংবা স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী। সবার আগ্রহ মিলনায়তনের দেয়ালজুড়ে প্রদর্শিত নকশাগুলোর দিকে। গতকাল থেকে এখানে শুরু হয়েছে ‘বেটার ক্লাসরুম ডিজাইন’ নামের স্থাপত্যবিদ্যা-বিষয়ক এক প্রতিযোগিতার বিজয়ীদের নকশা প্রদর্শনী। বিশ্বের ৬৫টি দেশের প্রতিযোগীর ৪১৩টি ডিজাইন জমা পড়েছিল এই প্রতিযোগিতায়। সেখান থেকে বিজয়ী ৩৮টি কাজ নিয়ে শুরু হয়েছে নয় দিনের এই নকশার প্রদর্শনী।বাংলাদেশের স্থপতিরা ভেবেছেন, বেদেদের সন্তানদের জন্য কেমন স্কুল চাই? নৌকায় ভেসে বেড়ানো এই জনগোষ্ঠীর সন্তানদের উপযোগী করে নৌকার ক্লাসরুমের ডিজাইন নকশা করেছেন তাঁরা। খুলনার বাগেরহাটে মধুমতী নদীতীরের শিক্ষার্থীদের জন্য নকশায় ফুটে উঠেছে বাঁশ, ছন, পাট দিয়ে তৈরি খোলামেলা শ্রেণীকক্ষ। ২০০৩-এর ২৬ ডিসেম্বর ইরানের বাম শহরে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল ২৫ হাজার মানুষ। সেখানকার এতিমরা কীভাবে বেড়ে উঠবে? কেমন শ্রেণীকক্ষে পড়ালেখা করলে বিকশিত হবে তাদের মেধা-মনন? সেসব বিবেচনা করেই শ্রেণীকক্ষের নকশা করেছেন সে দেশের স্থপতিরা। ভিয়েতনামের স্থপতিরা সে দেশের ভাসমান গ্রাম ‘কুয়াভান’ এলাকার শিশুদের পড়ালেখার সুবিধার্থে ডিজাইনে ফুটে তুলেছেন বাড়ির মতো ভাসমান শ্রেণীকক্ষ। এমন নান্দনিক সব নকশার শ্রেণীকক্ষের দেখা মিলেছে এ প্রদর্শনীতে। প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। অতিথি ছিলেন স্থপতি মোবাশ্বের হুসাইন, সিমন সালমান, ভীনা খালেক ও লামিয়া মোরশেদ। বিশ্বব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছিল ওপেন আর্কিটেকচার নেটওয়ার্ক। বাংলাদেশে এই প্রদর্শনীর আয়োজন করেছে আর্কিটেকচার অব হিউম্যানিটি।প্রদর্শনী ৩০ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। আলোকচিত্রে তারুণ্যের সৃজনশীলতাআইলাদুর্গতদের সহায়তা দিতে গঠিত আলোকচিত্রীদের সংগঠন ‘ড্রিমার্স ফ্যাক্টরি’র আয়োজনে দৃক গ্যালারিতে শুরু হয়েছে তরুণ আলোকচিত্রীদের তোলা ছবির প্রদর্শনী ‘সেডস অব প্যাশন’। ধানমন্ডির দৃক গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট আলোকচিত্রী সাংবাদিক পাভেল রহমান।১৮ থেকে ২৫ বছর বয়সী আলোকচিত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার। জমা পড়েছিল ৫৫০টি ছবি। সেখান থেকে বাছাই করা ৫০টি ছবি নিয়ে এই প্রদর্শনী। প্রতিটি ছবিই ছিল সাদাকালো। ছবিতে উঠে এসেছে বাঙালির উৎসব, সেই সঙ্গে জীবনধারাও। ছবিগুলোর মধ্যে আছে সাঙ্গু নদীর নৈসর্গিক দর্শনীয় দৃশ্য। একই ছাতার নিচে সৌহার্দ্যের প্রতীক হয়ে দুই কিশোর বন্ধু। রয়েছে প্রবীণের মুখাবয়ব, পুরান ঢাকার বাড়িতে নতুন প্রজন্ম, ঘুড়ি নিয়ে শিশুর ওড়াউড়ি, তারুণ্যের প্রাণোচ্ছ্বাস, ফাটল ধরা পথে পড়ে থাকা নিষ্পাপ ফুল। এ ছাড়া আছে আশুরার ছবি, প্রদীপ হাতে প্রার্থনারত পুরোহিত, মঙ্গলদ্বীপ নিয়ে হেঁটে যাওয়া তরুণীর দল—এই সব। আলোকচিত্র হয়ে উঠেছে এই একদল তরুণের সৃজনশীলতার বহিঃপ্রকাশ। ড্রিমার্স ফ্যাক্টরি আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে সুচেতা সাগুফতা, ফাহিম আলম ও হূদয় তানভীর। প্রদর্শনী চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।মুর্তজা বশীরের একক প্রদর্শনী হবে গ্যালারি কায়ায়উত্তরার গ্যালারি কায়ায় ২৫ সেপ্টেম্বর শুরু হবে বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের একক চিত্রকলা প্রদর্শনী। শনিবার বিকেলে ‘দ্য উইংস’ শিরোনামের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্থপতি কবি রবিউল হুসাইন। প্রদর্শনী চলবে ১০ অক্টোবর পর্যন্ত।ময়মনসিংহে লাক্স-চ্যানেল আই সুপারস্টারআমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, ‘যে রূপের জাদুতে মাতিয়ে তুলবে পুরো দেশ, সেই সুপারস্টারের খোঁজে’ স্লোগান নিয়ে দেশজুড়ে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর আঞ্চলিক অডিশন ময়মনসিংহ থেকে শুরু হয়েছে। গতকাল বুধবার ময়মনসিংহ শহরের হোটেল আমির ইন্টারন্যাশনালে সকাল ১০টা থেকে অডিশন শুরু হয়। শেষ হয়েছে বিকেল সাড়ে পাঁচটায়। অডিশনে অংশ নেওয়া ২৬০ জন প্রতিযোগীর মধ্যে ১০ জন ‘ইয়েস কার্ড’ পেয়ে জাতীয় পর্যায়ে অডিশনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। ইয়েস কার্ডপ্রাপ্তরা হলেন: জাহিয়া চৌধুরী, সোমা কুন্ডু, জিসান আরা, সিনথিয়া বিনতে মালেক, ফারজানা হক, তাহেরা সরকার, বনানী দে, মৌসুমী আক্তার, তামান্না ও আফরোজা ইসলাম।