‘মেজাজে অভিনেতা’ হিসেবে নানা পাটেকরের বেশ সুনাম আছে। এমন অনেক অভিনেতা-পরিচালকই আছেন, যাঁদের সঙ্গে নানার বনিবনা হয়নি। এমনই এক পরিচালক প্রকাশ ঝা। রাজনীতি ছবিতে নানাকে নির্দেশনা দিয়েছেন প্রকাশ। শুটিংয়ের শেষ দিকে প্রকাশের সঙ্গে কোনো এক কারণে বাগিবতণ্ডায় জড়ান নানা। স্বাভাবিকভাবেই রাজনীতির সাফল্যে যে কটি পার্টি হয়েছে, নানা পাটেকর সেসব অনুষ্ঠানে ছিলেন অনুপস্থিত। লন্ডনে এ রকমই এক অনুষ্ঠানে ছবির কনিষ্ঠ অভিনেতা রণবীর কাপুর মনে করেন, ‘অনেক হয়েছে। বরফ এবার গলে যাওয়া প্রয়োজন।’ যেই ভাবা, সেই কাজ। রণবীর লন্ডন থেকে ফোন করেন নানাকে। নানা ‘হ্যালো’ বলতেই রণবীর প্রকাশকে ফোনটি ধরিয়ে দেন। প্রথম দু-এক কথার পর পরই বরফ গলে যায়। ছবির সাফল্যে নানা তাঁর উচ্ছ্বাসের কথা জানান। এমনকি সচরাচর কোনো পার্টিতে উপস্থিত না থাকলেও ভারতে অনুষ্ঠিত হওয়া রাজনীতির এক অনুষ্ঠানে হাজির হন নানা। নানার ভাষ্যমতে, ‘ঋষির ছেলে না থাকলে প্রকাশের সঙ্গে আমার আজীবন কথা বলাও হতো না। রণবীর শুধু একজন সু-অভিনেতাই নন, একজন ভালো মনের মানুষও বটে।’