নানু মাথায় তেল দিয়ে দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিচি সোলায়মান। নিয়মিত অভিনয় করছেন। গড়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান। গত রোববার দুপুরে কথা হলো তাঁর সঙ্গে।

রিচি সোলায়মান
রিচি সোলায়মান

কেমন আছেন?
ভালো।
কী করছেন?
নানু মাথায় তেল দিয়ে দিচ্ছেন। আমার বাসা উত্তরায়। বিশ্ব ইজতেমা। রাস্তায় খুব ভিড়। বের হওয়ার উপায় নেই। বাসায়ই আছি। নানু এসেছেন। সুযোগ পেয়ে তাঁর সামনে বসে পড়েছি।
কোনো কাজ নেই?
না। ছুটি।
কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম আপনি একটি বিজ্ঞপনচিত্রে কাজ করছেন।
গতকাল (শনিবার) করেছি। আজ ফেসবুকে ছবি দিয়েছি। খাবারের বিজ্ঞাপন। নতুন পণ্য। সম্ভবত আগামী ফেব্রুয়ারি থেকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হবে।
খাবারের বিজ্ঞাপন। আপনি নিজে খেয়েছেন?
হ্যাঁ, স্বাদ ভালো। এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, আমাকে যাঁরা পছন্দ করেন, ভালোবাসেন, কিংবা যাঁরা আমার দর্শক, তাঁরা কিন্তু পণ্যটির ব্যাপারে আগ্রহী হবেন। তাই এদিকে আমি খেয়াল রেখেছি।
আপনি তো দেশের বাইরে গিয়েছিলেন। কবে ফিরলেন?
গত নভেম্বর মাসে।
কোথায় কোথায় ঘুরেছেন?
লন্ডন ছিলাম ১৫ দিন আর নিউইয়র্কে দুই মাস। অনেক জায়গায় ঘুরেছি।
আপনার প্রযোজনা প্রতিষ্ঠান নীলাঞ্জনার খবর কী?
নাটক তৈরি করছি। সম্প্রতি বাংলাভিশনে আমার প্রতিষ্ঠানের তৈরি গপ্পো ধারাবাহিকটির প্রচার শেষ হয়েছে। শিগগিরই আরও তিনটি ধারাবাহিকের কাজ শুরু হবে। এর মধ্যে দুটির পরিচালক চূড়ান্ত হয়েছে, রুলিন রহমান আর রহমতউল্লাহ তুহিন। তৃতীয়টির ব্যাপারে আলোচনা হচ্ছে।
আর অভিনয়?
সাগর জাহানের পরিচালনায় মিলার বারান্দা ধারাবাহিকে আমি মিলার চরিত্রে অভিনয় করছি। পাশাপাশি সোহরাব হোসেন দোদুলের পরিচালনায় পাল্টা হাওয়া ধারাবাহিকেও কাজ করছি।
এক ঘণ্টার নাটক?
এরই মধ্যে অনেকগুলো নাটকের কাজ করেছি। সব কটি নাটকের নাম লিখলে এই সাক্ষাৎকারের পরিধি বড় হয়ে যাবে।
বলেন কী!
হ্যাঁ, দেশে ফেরার পর তো নিয়মিত কাজ করছি। বেশির ভাগই ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হবে।
আমাদের টিভি নাটকের দর্শক এখন নেই বললেই চলে।
অবস্থা খারাপ অবশ্যই, তবে এতটা খারাপ তা বলব না। দেখুন, ভালো কাজ কিন্তু হচ্ছে। সংখ্যায় এগুলো কম। খারাপের ভিড়ে কেউ এগুলোর ব্যাপারে জানতেই পারছে না। নাটকের মান পড়ে যাওয়ার পেছনে অনেক কারণ। বড় কারণ বিজ্ঞাপনের আধিক্য। এখন নাটকের মাঝে কেউ বিজ্ঞাপন দেখে না, বিজ্ঞাপনের মাঝে নাটক দেখে। চ্যানেলগুলোকে দোষ দিয়ে কী লাভ? চ্যানেলে বিজ্ঞাপনের রেট অনেক কমে গেছে। তাই বাধ্য হয়ে বেশি বিজ্ঞাপন দেখানো হচ্ছে। আমাদের নাটককে আবার দর্শকদের মাঝে জনপ্রিয় করতে এখনই সবাইকে একজোট হয়ে উদ্যোগ নিতে হবে। নাটকের একটি কমন নীতিমালা তৈরি করতে হবে। আমি বিশ্বাস করি, সব মহলের যদি সদিচ্ছা থাকে, তাহলে আমাদের নাটকের ভালো সময় অবশ্যই ফিরে আসবে।
১০ মিনিট শেষ। আপনাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।