নান্দিকার ও ঋত্বিকের উৎসবে ‘রাঢ়াঙ’
এর আগে দিল্লি ও কেরালার আন্তর্জাতিক নাট্যোৎসবে আরণ্যক নাট্যদল অংশ নিয়েছে। উৎসবে দলটি জনপ্রিয় রাঢ়াঙ নাটকটি মঞ্চস্থ করে। একই নাটক নিয়ে এবারও ভারত সফর করবে দলটি। আগামী ডিসেম্বরে এই সফর শুরু হবে। কলকাতার নান্দিকারের আন্তর্জাতিক ও বহরমপুরের ঋত্বিক আয়োজিত দেশ-বিদেশের নাট্যোৎসবে যোগ দেবে দলটি। ২১ ডিসেম্বর নান্দিকারের নাট্যোৎসবে একাডেমি অব ফাইন আর্টস মঞ্চে আর ২৩ ডিসেম্বর ঋত্বিকের দেশ-বিদেশের নাট্যমেলায় রবীন্দ্রসদনে রাঢ়াঙ নাটকটির দুটি প্রদর্শনী হবে। সফর প্রসঙ্গে নাটকটির রচয়িতা ও নির্দেশক মামুনুর রশীদ বলেন, ‘কলকাতার নান্দিকারের উৎসবটি খুবই সম্মানজনক। সেই উৎসবে আমরা এবারই প্রথম যোগ দেব। অন্যদিকে, ঋত্বিকের উৎসবটিতে এর আগে একাধিকবার আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু আমরা যেতে পারিনি। এবারই প্রথম যাচ্ছি। দুটি উৎসবই নামকরা এবং আমরা প্রথম যাচ্ছি। বিষয়টি খুবই আনন্দের।’ তিনি বলেন, ‘নান্দিকারের উৎসবে সারা ভারতের বড় বড় নাটকের দল অংশ নেয়। ওখানে নাটক করার সুযোগ হওয়ায় আমাদের নাট্যকর্মীদের একটা মিলনমেলা তৈরির সুযোগ হবে।’ মামুনুর রশীদ জানান, ১৯ ডিসেম্বর ৪০ সদস্যের একটি দল কলকাতার উদ্দেশে রওনা হবে।সাঁওতালদের ভূমির অধিকার আদায়, তাদের ওপর আরোপ করা কালো আইন বাতিলসহ বেঁচে থাকার সংগ্রামী জীবন নিয়ে নাটকটির গল্প তৈরি হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, মাসুদুজ্জামান, লাভলী প্রমুখ।