প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করেছে নাট্যদল নান্দীমুখ। এ পূর্তিকে উপলক্ষ করে বছরব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় আয়োজন হিসেবে গতকাল শুরু হলো ‘নান্দীমুখ রঙ্গমেলা’। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হলো নাটক ঊর্ণাজাল। প্রযোজনাটি রচনা করেছেন বাকার বকুল। নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির।
শুধু নাটক মঞ্চায়নের মধ্যে সীমাবদ্ধ ছিল না গতকালের রঙ্গমেলা। গেল ২৫ বছর দলটি দেশের নাট্য আন্দোলনে কী কী অবদান রেখেছে, কী ছিল তাদের অর্জন—এসব নিয়ে আলোকচিত্র, পোস্টার, স্মারকগ্রন্থ ও পত্রপত্রিকায় প্রকাশিত নাট্য সমালোচনা এবং নানা আয়োজনের প্রদর্শনী হয় পরীক্ষণ থিয়েটারের করিডর ও টিকিট কাউন্টারের সামনে।