নাফিজার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসের প্রায় ৩০ দিনই শুটিং! একগাদা ধারাবাহিকে কাজ। দম ফেলার সময় নেই। আজ উত্তরা, তো কাল বারিধারা। আজ কক্সবাজার, তো কাল হোতাপাড়া—এই হলো নাফিজা জাহানের অবস্থা। ১৮ মার্চ। দুপুরের তেজি সূর্য তখন পশ্চিম দিগন্ত ছুঁঁয়েছে, সন্ধ্যাবাতিগুলো তখনো জ্বলে ওঠেনি। ঢাকার অফিসপাড়ার মানুষ ঘরমুখী হয়েছে। উত্তরার ৪ নম্বর সেক্টরের উদ্দেশে যাত্রা শুরু হলো। ওখানে রঙধনু শুটিং-বাড়িতে একটি ধারাবাহিক নাটকের শুটিং চলছে। এ নাটকে অভিনয় করছেন নাফিজা।ব্যস্ততায় ফুরসতশুটিং বাড়িতে ঢুকতেই ধাক্কা খেলাম। নাফিজার গায়ে রঙিন শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, হাতভরা চুড়ি, কপালে লাল টিপ। বোঝার চেষ্টা করার আগেই নাফিজা খোলাসা করলেন। ‘নাটকটিতে আমি একজন কাজের বুয়ার চরিত্রে অভিনয় করছি। মেয়েদের হোস্টেলে কাজ করি। সময় পেলেই হিন্দি সিরিয়াল দেখি। হিন্দি সিরিয়ালের অভিনেত্রীদের মতোই নিজেকে সাজাতে চাই।’ শুটিং লোকেশনে বসেই কথাগুলো বললেন নাফিজা।নাফিজার কথায় উঠে আসে তাঁর সম্প্রতি অভিনয়ের ব্যস্ততার কথা। যেন সকাল-দুপুর-রাত মিলেমিশে এক হয়ে গেছে অভিনয়ের ব্যস্ততায়। কী নিয়ে এই ব্যস্ততা? নাফিজা ঝটপট বলেন, ‘এখন শুধু ধারাবাহিক নাটক নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে। অনেকগুলো ধারাবাহিকের প্রচার চলছে। নতুন নতুন ধারাবাহিকের শুটিং করছি। এর মধ্যে হাবিব মাসুদের মুনসুন রেইন, জুলে মাহমুদের বৈরী বাতাস, টিংকুর কেরামতি, সকাল আহমেদের টার্মিনাল, হিমেল আশরাফের চৌধুরী ভিলা, তুহিন অবন্তর হেলিকপ্টার প্রভৃতি।’ ধারাবাহিক নাটকে নিয়মিত কাজ করলেও এক ঘণ্টার নাটকে তাঁর আগ্রহ বেশি। বললেন, ‘এক ঘণ্টার নাটকে অভিনয় করে শান্তি পাওয়া যায়। নিজের কাজের জায়গাটা দেখানো যায়। সত্যি কথা বলতে কি, ধারাবাহিক নাটকে অভিনয় করি অর্থের জন্য।’স্বপ্নছোঁয়া মনভালো একটা জায়গা থেকে বিবিএ, এমবিএ করে একটা চাকরি হবে—মনের ভাবনাটা ছিল এমনই তাঁর। ২০০৬ সালের কথা। তখন কলেজে পড়েন নাফিজা। রক্ষণশীল পরিবারের কারণে মিডিয়ার ধারেকাছেও ঘেঁষা অসম্ভব। কিন্তু বয়সটা ছিল রঙিন প্রজাপতির ডানায় উড়ে উড়ে চলা। ওই বছরই লাক্স-চ্যানেল আই সুপারস্টার হয়ে গেলেন নাফিজা। শীর্ষ দশের সপ্তম। পরিবারের বিধিনিষেধ সত্ত্বেও কীভাবে এ জগতে চলে এলেন? প্রশ্ন রাখি তাঁর কাছে। উত্তরে নাফিজা বলেন, ‘আমাদের পরিবারটা খুবই রক্ষণশীল। তখন কলেজে পড়ি। আমি মায়ের সঙ্গে শপিংয়ে গিয়েছিলাম। মার্কেটের সামনে দেখলাম লাক্স-চ্যানেল আইয়ের সুন্দরী প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন চলছে। আয়োজকদের একজন আমাকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করেন। মাকে বললাম। মা তো রাজি না। কিন্তু আমি দুষ্টুমি করে রেজিস্ট্রেশন করলাম। হঠাৎ একদিন প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে একটা চিঠি বাসায় হাজির। নির্ধারিত সময়েই আমি অংশ নিলাম। প্রথম দিকে বিষয়টি একেবারেই দুষ্টুমি ভাব নিয়েই অংশ নিয়েছি। একটা সময় দেখলাম, আমি ১০ জনের মধ্যে চলে এসেছি। তখন বিষয়টির দিকে একটু গুরুত্ব দিই। কিন্তু একমাত্র বাবা ছাড়া পরিবার থেকে এ বিষয়ে কোনো সহযোগিতা পাইনি।’ সুন্দরী থেকে অভিনেত্রীলাক্স-চ্যানেল আই সুন্দরী খেতাব পাওয়ার পরপর ওই বছরই সালাহউদ্দিন লাভলুর হোমিও রোমিও নামে এক ঘণ্টার নাটকে অভিনয়। এর কয়েক দিন পর শুভ্র খানের সাদা রঙের স্বপ্ন ধারাবাহিকে কাজ করেন। নাটকে প্রথম অভিনয় করার অনুভূতি কেমন ছিল নাফিজার, জানতে চাই তাঁর কাছে। নাফিজা বললেন, ‘কেমন অভিনয় করেছি, তা মাথায় ছিল না। আমি অভিনয় করছি, সবাই দেখছেন, এটাই ছিল আমার আনন্দ।’ ওই বছরই পয়লা বৈশাখের জন্য নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর উপসংহার নাটকে অভিনয় করেন তিনি। ‘এই নাটকটিই আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট।’ অতঃপর মডেলিংনাটকে অভিনয় যখন তুঙ্গে, এ সময়ে ডাক পড়ে বিজ্ঞাপনচিত্রে। ২০০৭ সালে এসে শুভ্র খানের পরিচালনায় সিটিসেলের বিজ্ঞাপনে মডেল হন তিনি। পরপরই কাজের সুযোগ হয়ে যায় মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজার মতো গুণী নির্মাতাদের সঙ্গে। তবে বেশ লম্বা সময় ধরেই নতুন কোনো বিজ্ঞাপনে দেখা যাচ্ছে না তাঁকে।বড় পর্দায় অভিষেকহালের উঠতি এই অভিনেত্রীর ইতিমধ্যে বড় পর্দায়ও অভিষেক ঘটেছে। দি ডিরেক্টর নামে কামরুজ্জামান কামুর একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এ মাধ্যমে অভিনয়ের জন্য আলাদা করেই স্বপ্ন দেখেন নাফিজা। ‘সুস্থ বাণিজ্যিক চলচ্চিত্রে আমি অভিনয় করতে চাই। সুযোগের অপেক্ষায় আছি। সব শিল্পীরই স্বপ্ন থাকে বড় পর্দায় অভিনয় করা। ওখানে অভিনয়ের মধ্য দিয়ে চিরকাল দর্শকের মাঝে বেঁচে থাকা যায়।’ বললেন নাফিজা জাহান।