

বাড়ির যে ছোট সদস্য তাকেও যদি জিজ্ঞেস করা হয়, ‘তুমি বাহাকে চেন?’ মাথা দুলিয়ে চটজলদি সে উত্তর দেবে, ‘ও বাহামণির কথা বলছ?’ রাশি, ঊষশী বা দুষ্টু এমন নাম অনেকই তার হয়তো মুখস্থ। ওপার বাংলার এমন অনেক চরিত্র যেন বাংলাদেশের দূরের কোনো এক গ্রামের পরিবারের সদস্য। পর্দায় যে রূপ দেখা যায় সে পরিচয়ের সঙ্গেই যেন গাঁটছড়া বাঁধা হয়ে গেছে তাদের। হাটে, মাঠে, ঘাটে—সবখানে নাটুকে নামেই তাদের চেনে সবাই। নাটক আর চরিত্রকে জনপ্রিয় করার এ এক পুরোনো কৌশল ভারতীয়দের।
শুরুটা হয় মূলত ভারতীয় চ্যানেল জি টিভিতে এক ঘণ্টার ছোট্ট পরিসরে। কয়েকটি নাটক ওই সময় ডালপালা মেলে ধরে। এর মধ্যে একটির নাম ছিল এবার জমবে মজা। এক নবদম্পতির নিত্যনৈমিত্তিক নানা ঘটন-অঘটন নিয়ে তৈরি সেই নাটকে অভিনয় করেছিলেন অভিনেতা কুনাল মিত্র। এখন অনেকেই হয়তো নামে চিনবে না কুনালকে। কারণ, তাঁর চরিত্রটি সে সময় এতই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শকেরা তাঁর পর্দার পেছনের নামটিই জানার প্রয়োজন মনে করেনি। এরপর এমনিভাবে সুনামের সামনে শিল্পীদের স্বনাম ঢেকে যাওয়া হয়ে ওঠে নিত্যনৈমিত্তিক ব্যাপার। নিয়মের ঘোরটোপে আটকে যান টালিগঞ্জের বড় বড় শিল্পীরাও। অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকেই ধরা যাক। ‘ফেলুদা’ দিয়ে বড় পর্দা মাত করা এ অভিনেতাও ছোট পর্দার জন্য নিজের স্বনামকে ঢাকা দেন। তবে ভারতীয় বাংলা সিরিয়ালের একচেটিয়া দাপট শুরু হয় স্টার জলসা নামের চ্যানেলটির মাধ্যমে। অনুষ্ঠান বিভাগের প্রধান শুভংকর চ্যাটার্জির হাত দিয়ে সাজানো হয় নাটকনির্ভর চ্যানেলটি। একের পর এক চরিত্রনন্দিত নাটক উপহার দিতে থাকে। চ্যানেলটির কনক বধূবরণ, বাহামণি-অর্চি (ইস্টিকুটুম), নন্দিনী-রাহুল (তুমি আসবে বলে), আয়ুশ (চোখের তারা তুই), পাখি-অরণ্য সিংহ রায় (বোঝে না সে বোঝে না), পারী (জলনূপুর), ঊষশী-নিশিত (তোমায় আমায় মিলে) চরিত্রগুলো যেন এখন বাস্তবের মানুষ। আছে জি-বাংলার সাত পাকে বাঁধা , বয়েই গেল ও রাশির মতো ধারাবাহিকগুলো।

এদের টিভি দর্শকদের যদি বলা হয় অভিনেতাদের আসল নাম বলতে; তাতে সন্দেহ আছে তা পারবে কি না। আর এ ব্যবস্থাগুলো করে রেখেছে টিভি চ্যানেলগুলোই। স্টার জলসা বছরে বার কয়েক আয়োজন করে ‘স্টার পরিবার উৎসব’। এখানে তাদের নাটকের কলাকুশলীরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন। সেখানে তাঁদের আসল নামে কখনই পরিচয় করিয়ে দেওয়া হয় না। থাকে সেই নাটকে দেওয়া নাম। মঞ্চে আমন্ত্রণ জানানো হয় সে নামেই। আর মঞ্চে এসেও তাঁরা নাটকের চরিত্রগুলোই বহন করেন। কথা বলেন একই কায়দায়। যেন ব্যক্তিজীবন ও পেশাদারত্ব মিলে একাকার। এমনকি বিভিন্ন প্রচারণা আর বিজ্ঞাপনে তাঁদের নাটুকে চরিত্রে হাজির হওয়ার নজির আছে ভূরি ভূরি। এ কারণেই বাংলা ভাষায় তৈরি পশ্চিমবঙ্গের সিরিয়ালগুলো অন্য সবার থেকে আলাদা। এমনকি হিন্দি ডেইলি সোপ থেকেও।
প্রতিটি নাটকের সেট ডিজাইন থেকে পোশাক পরিকল্পনা করা হয় ভিন্নভাবে। যেন একটির সঙ্গে অন্যটি মিলে না যায়। শিল্পীদের শুধু শিল্পচর্চাই নয়; ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার এবং এর পাশাপাশি ব্যবসায়িক মুনাফাও থাকে এ পরিকল্পনার সঙ্গে। তাই ‘পাখি’ নামের চরিত্রের পরা পোশাক উড়ে আসে পাশের দেশে।
এখন পশ্চিমবঙ্গের টেলিভিশন জগতের বেশ প্রিয় নাম অপরাজিতা আধ্য। কিন্তু তাঁর নিজ নামে অনেকেই এ শিল্পীকে চেনে না। ‘পারী’ নামেই তাঁকে এখন সবাই চেনে। মজার বিষয় হলো, এমন অবস্থা কলকাতার সিরিয়ালে অভিনয় করা প্রায় সব শিল্পীরই। এমনকি কারও কারও ক্ষেত্রে খোদ গুগল মহাশয়ই হয়ে ওঠে বিভ্রান্ত। কারণ, ওই সব শিল্পীদের আসল পরিচয় জানে না সবচেয়ে তথ্যবহুল সার্চইঞ্জিনটিও! ‘রাশি’ ডেইলি সোপের রাশি ওরফে গীতশ্রী রায়ের কথাই ধরা যাক। যারা টিভি দেখে, তাদের সবার কাছেই পরিচিত ‘রাশি’ নামটি। কিন্তু এ নামের পেছনে হারিয়ে যাওয়া মেয়েটির খবর জানে না অনেকেই। যাঁরা চরিত্রের পরিচয় ছাপিয়ে স্বনামে উঠে দাঁড়াতে চান, তাঁরা বেশি দিন থিতু হতে পারেন না। তেমনই একজন হলেন ওগো বধূ সুন্দরীর ‘ললিতা’ চরিত্র দিয়ে জনপ্রিয়তা অর্জন করা অভিনেত্রী রিতাভরি চক্রবর্তী। সবশেষে তাকে দেখা গিয়েছিল চোখের তারা তুই নামের ডেইলি সোপে। কিন্তু চরিত্রের চাদরে ঢাকা পড়তে চাননি তিনি। নিজের স্বনামে ক্যারিয়ার গোছাতে সিরিয়ালের আকাশ ছোঁয়া জনপ্রিয়তাকে বিসর্জন দেন। একই কারণ তোমায় আমায় মিলে সিরিয়ালের ‘নিশিত’ চরিত্রে অভিনয় করা ঋজু বিশ্বাসের। খুব বেশিদূর তাঁরা যেতে পেরেছেন কি? মনে হয়, না।
এ সময়ের সিরিয়ালগুলোর প্রায় সবই পারিবারিক দ্বন্দ্ব আর গল্প নিয়ে। একই ফ্রেমে উঠে আসে ধনী-গরিবের ঘটনাগুলো। তাই সহজেই দর্শকপ্রিয়তা পেয়েছে। আর চরিত্রগুলো যেন প্রতিনিধিত্ব করছে বাংলার পরিবারগুলোর। বাহামণি কিংবা রাশি যেন প্রতিবাদের অবতার। সরল ও নির্জলা কিন্তু প্রতিবাদী সংলাপই তাঁদের দর্শকপ্রিয়তার মূল কারণ বলে মনে করেন অনেকেই।
ঊষশী-নিশিত, কৃষ্ণা–অর্জুন বা নন্দিনী-রাহুল চরিত্রগুলো প্রেমের হাত ধরাধরি করে চলে। আছে পারিবারিক ঐতিহ্য আঁকড়ে পড়ে থাকা বর্ষীয়ান ধরনের মানুষও। কিংবা পারী নামের প্রতিবন্ধীর সাধাসিধে কথার মধ্য দিয়ে জনমানসের কথা তুলে ধরা হয়। তাই হয়তো ব্যক্তিগত জীবনের চৌকাঠ ডিঙ্গিয়ে চরিত্রগুলোই পরিচিত মনে হয় সাধারণ দর্শকের কাছে। মনে হয় বড় আপন।