নাম জেনেই নাটক দেখার আগ্রহ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেড রোজ নাটকের দৃশ্য মেহ্জাবীন ও আফরান নিশো
রেড রোজ নাটকের দৃশ্য মেহ্জাবীন ও আফরান নিশো

এবারের টিভি আলোচনা শুরু করব একটি গানের অনুষ্ঠান দিয়ে। ২৬ মে শুক্রবার সকাল ৯টায় লুইপার উপস্থাপনায় এনটিভিতে সরাসরি প্রচারিত হলো একক গানের অনুষ্ঠান ‘ছুটির দিনের গান’। এবারের শিল্পী ছিলেন ফাতেমা তুজ জোহরা। ফাতেমা তুজ জোহরা মূলত নজরুলসংগীতশিল্পী হিসেবেই পরিচিত ও খ্যাত। এর এক দিন আগে বৃহস্পতিবার দেশব্যাপী পালিত হয়েছে নজরুল জন্মবার্ষিকী। সংগত কারণেই এ অনুষ্ঠানে তিনি অধিকাংশ নজরুলসংগীতই পরিবেশন করেছেন। কিন্তু শ্রোতাদের অনুরোধে তিনি মাঝেমধ্যে দুয়েকটি ভিন্ন ধারার গানও করেছেন। যেমন রাধারমণের গান, আধুনিক গান ইত্যাদি।
অনেক দিন পর একসঙ্গে তাঁর অনেকগুলো গান শোনার সৌভাগ্য হলো। ভালো লাগল তাঁর কণ্ঠের মাধুর্য এখনো অটুট দেখে। সুরের পর্দায় তাঁর কণ্ঠের বিচরণও ছিল সাবলীল ও স্বাভাবিক। তাঁর সমবয়সী অনেক শিল্পীর ক্ষেত্রেই সুর হারিয়ে ফেলার পরিণতি দেখে আমরা দুঃখ পাই। এ ক্ষেত্রে তাঁর কণ্ঠ ও সুরের বাঁধন এখনো প্রশংসনীয়। তবে দমের ক্ষেত্রে কিছুটা ঘাটতি পরিলক্ষিত হয়েছে। যেমন: ‘শাওন রাতে যদি’ গানটিতে সেটি বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে। অনেক গানেই তিনি সুরের উঁচু পর্দায় টানতে পারছিলেন না। আরেকটি বিষয় দর্শকদের কাছে বেমানান মনে হয়েছে, সেটি তাঁর মাথার আবরণ। আর দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি কথা বলার সময় আরেকটু বিনয় ও সম্মান বজায় রাখলে হয়তো তাঁরই খ্যাতি ও উচ্চতা বাড়ত।
এখানে উপস্থাপিকা লুইপা সম্পর্কেও দুকথা বলার আছে। তাঁর উপস্থাপনায় আন্তরিকতা ছিল আকর্ষণীয়, কিন্তু ভক্তি, বিনয় ও সৌজন্য প্রকাশ ছিল, অতিভক্তি ও অতিবিনয়ে অস্বাভাবিক এবং কৃত্রিম। একজন উপস্থাপিকার বোধ হয় এ বিষয়ে সজাগ থাকা প্রয়োজন।
এবার আসি টেলিছবি ও নাটক প্রসঙ্গে। ২৬ মে বেলা ২টা ৪০ মিনিটে এজাজ মুন্নার পরিচালনায় এটিএন বাংলায় প্রচারিত হলো টেলিছবি রিমঝিম বৃষ্টি। সম্ভবত টেলিছবিটি পুরোনো, কিন্তু পুনঃপ্রচারজাতীয় কিছু দেখানো বা বলা হয়নি।
গল্পটি এ রকম, মফস্বলের প্রতিভাবান সংগীতশিল্পী মম দৃষ্টি আকর্ষণ করে রাজধানীর নামীদামি সংগীত পরিচালক চঞ্চল চৌধুরীর। তারপর তার ঢাকা আসা, চঞ্চলের সহায়তায় রাতারাতি স্টার বনে যাওয়া, সবই ঘটে দ্রুতগতিতে। অচিরেই মম ও চঞ্চলকে ঘিরে ছড়িয়ে পড়ে নানা রটনা। এদিকে চঞ্চল তার স্ত্রী মিলির সংগীত প্রতিভাকে অবজ্ঞা করায় সে চঞ্চলকে ছেড়ে বাবার বাড়ি চলে যায়। সহসাই চঞ্চলের সুনামে দাগ পড়ে, বাজারেও পড়ে ভাটির টান। দেখা দেয় দুর্দিন। এই দুর্দিনে মম চক্রান্তের শিকার হয়ে দূরে সরে যায়, তখন আবার স্ত্রীই পাশে দাঁড়ায়। এদিকে মম খ্যাতির শিখরে উঠেও নানা চক্রান্তের বেড়াজালে আটকে সুখ, স্বস্তি কোনোটাই পায় না। তার স্বামীও তাকে ফেলে গ্রামে চলে যায়। অবশেষে বিপর্যস্ত মম নাগরিক খোলসে আবৃত এ কৃত্রিম ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর বাবা হাসান ইমামের সহায়তায় ও পরামর্শে মিলি ফিরে আসে স্বামী চঞ্চলের পাশে।
এক কথায় বলা যায়, গল্পটি গতানুগতিক হলেও পরিচ্ছন্ন ছিল। তবে গল্পের দুর্বলতম দিক হলো, প্রতিভাবান সংগীত পরিচালক চঞ্চলের যে সংকট দেখানো হয়েছে, বাস্তবতাবিবর্জিত ও আরোপিত। আবার শেষে অবজ্ঞার বোঝা মাথায় নিয়েই ফারহানার ফিরে আসাটা মনে হয়েছে অযৌক্তিক ও অস্বাভাবিক। আর এসব কারণেই টেলিছবিটির কোনো সংকটই দর্শক মনে দাগ কাটতে পারেনি, মনে হয়েছে সংকট সংকট খেলা।
২৬ মে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত হলো নাটক রেড রোজ। নাম শুনেই নাটকটি দেখার আগ্রহ দমে গেল। বাংলা নাটক, বাংলাদেশের চ্যানেলের জন্য নির্মিত, অথচ নাম ইংরেজিতে। রেড রোজ-এর বিকল্প বাংলা শব্দ কি নেই! এ ব্যাপারে কারও কি কোনো উপলব্ধি নেই, কিংবা দায়িত্ব নেই? নির্মাতা বা কলাকুশলীদের না থাকলেও চ্যানেল কর্তৃপক্ষের কাছে তো আমরা এ ব্যাপারে একটি দায়িত্বশীল ভূমিকা আশা করি। কেননা, প্রতিটি চ্যানেল এক একটি প্রতিষ্ঠান। আশা করি ভবিষ্যতে সংশ্লিষ্ট সব মহলই বিষয়টির গুরুত্ব ও তাৎপর্য অনুধাবনে আন্তরিক হবে।