নাম তাঁর জ্যোতিকা জ্যোতি
নাম তাঁর জ্যোতিকা জ্যোতি। বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। আনন্দমোহন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করার পর পরিবারের সবাই আশা করলেন,জ্যোতি এবার বিসিএস পরীক্ষায় অংশ নেবেন।নিয়তি অবশ্য তা বলেনি।জ্যোতির চোখে-মুখে তখন অভিনয়ের নেশা।কিন্তু কে তাঁকে নেবে?ময়মনসিংহে একবার স্থানীয় শিল্পীদের নিয়ে নাটক নির্মাণ করা হলো।জ্যোতি অভিনয় করলেন। জ্যোতির অভিনয় দেখে একজন তাঁকে বললেন, ‘কবরী আয়না নামের একটি সিনেমা বানাবেন। যোগাযোগ করে দেখতে পারো।’জ্যোতি যেন কিছুটা আশার আলো খুঁজে পেলেন।কবরী তাঁকে একটি চরিত্রের জন্য নির্বাচন করলেন।প্রথম সিনেমায় অভিনয় করে জ্যোতি নজর কাড়লেন অনেকেরই।নুরুল আলম আতিক, অনিমেষ আইচ, সালাউদ্দিন লাভলুসহ আরও অনেকের কাজেই সুযোগ পেলেন।কিন্তু পরিবারের মানুষেরা খুবই নাখোশ তাঁর ওপর। জ্যোতি অবশ্য সব প্রতিকূল পরিবেশ অনুকূলে নিয়ে এলেন কাজ দিয়ে।অনিমেষ আইচের একটি ঝড়-আক্রান্ত শেফালীর গল্প নাটকে জ্যোতি তাঁর অভিনয়-প্রতিভার দুরন্ত স্বাক্ষর রাখলেন। তার পরই বাংলাভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক স্বপ্নচূড়া এতটাই জনপ্রিয়তা পেল যে জ্যোতিকে মাসের ২০ দিন শুটিং করতে কারও কাছে ধরনা দিতে হয়নি।এখন সপ্তাহে তাঁর পাঁচটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। মতিঝিল কমার্শিয়াল এলাকা, এই শহরে, আশা টকিজ, রঙ্গিলা ও কলেজ রোড—এই পাঁচটি নাটক যখন প্রচারিত হচ্ছে, তখন জ্যোতির হাতে রয়েছে আরও ছয়টি নতুন ধারাবাহিক নাটকের কাজ।এত এত কাজ, তবু খুশি নন জ্যোতি। কেন?‘আসলে, আমি উচ্চাকাঙ্ক্ষী নই। আমি শুধুই ব্যস্ততার জন্য কাজ করতে চাই না। কাজ কম করব, কিন্তু ভালো কাজ করতে চাই। যেমন: আমার অভিনীত একটি নাটক তার কোন নাম নেই প্রচারিত হওয়ার পর আমি যেভাবে চারদিক থেকে ইতিবাচক সাড়া পেলাম, তাতে করে মনে হয়েছে, কাজ করলে এ রকম কাজই করা উচিত। কিন্তু সে রকম কাজ তো সব সময় পাই না।’ বললেন জ্যোতি।জ্যোতির মনে আরও একটি আকাঙ্ক্ষা রয়েই গেছে। বড় পর্দা দিয়ে তাঁর যাত্রাটা শুরু হয়েছিল। কিন্তু এরপর আর বড় পর্দায় কাজ করা হয়নি।‘ঠিক হয়নি, কথাটি বলব না। সিনেমায় আসলে কাজ করার সুযোগটা যেন হয়েও ওঠে না। যেমন: একবার একটি বাণিজ্যিক ছবিতে কাজ করার বিষয়ে পরিচালকের সঙ্গে সবকিছুই চূড়ান্ত হলো। প্রযোজকও আমাকে ওই ছবিতে নেওয়ার ব্যাপারে ইতিবাচক কথা বললেন। পরে শুনলাম যে ছবির নায়ক নাকি অন্য কারও কথা বলেছেন। শেষ পর্যন্ত আর সেই ছবিটি হয়নি। এরপর আবার যে ছবিতে কাজ করার প্রস্তাব পেলাম, দেখা গেল যে গল্পটি ভালো নয়। এ অবস্থায় আমি একজন বড় মাপের নির্মাতার ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছি। নির্মাতা আপাতত নামটি বলতে না করেছেন, তাই বলছি না। শিগগিরই এ ব্যাপারে হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আমি নিজে মনে করি, সিনেমায় সুযোগ পেলে এর সদ্ব্যবহার করতে সামান্য ভুলও করব না।’এভাবেই জ্যোতি তাঁর ইচ্ছার কথাগুলো বললেন। জানালেন, শুধু টাকার জন্য তিনি কাজ করতে চান না। মনের ভালো লাগার জন্য এই পেশা ছেড়ে অন্য কোনো পেশার কথা ভাবছেন না এ মুহূর্তে।