নাম বদলে ফেললেন
নিজের নাম পাল্টে ফেললেন মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্ট। এখন থেকে তাঁর নাম হবে ‘ইয়ে’। কী কারণে এটি করলেন? ‘বিষয়টি ব্যক্তিগত,’ এটুকুই শুধু জানিয়েছেন কানিয়ে ওয়েস্ট থুককু ইয়ে।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্ট কানিয়ের নাম পরিবর্তনের আবেদন অনুমোদন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের যোগাযোগ কর্মকর্তা।
‘গোল্ড ডিগার’, ‘স্ট্রংগার’ গানগুলো দিয়ে পরিচিতি পাওয়া কানিয়ে ওয়েস্ট শুরু থেকেই নিজের ডাকনাম হিসেবে ইয়ে ব্যবহার করে আসছেন। নিজের এই ডাকনাম অনুসারেই ২০১৮ সালে প্রকাশিত একটি অ্যালবামের নামও রাখেন ‘ইয়ে’। অ্যালবাম বের হওয়ার পরপরই টুইট করে তিনি জানিয়েছিলেন, ‘আগে কানিয়ে ওয়েস্ট নামে পরিচিত ছিলাম, এখন থেকে আমি ইয়ে।’ এবার এই নামকেই নিজের মূল নাম হিসেবে স্বীকৃতি দিলেন তিনি।
টুইটারে ইয়ে হলেও ইনস্টাগ্রাম ও ওয়েবসাইটে আজও কানিয়ে ওয়েস্ট আগের নামেই আছেন। নতুন নামটির সঙ্গে ধর্মগ্রন্থের যোগাযোগ আছে বলেও উল্লেখ করেছেন তিনি। ২০১৮ সালে এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার বিশ্বাস “ইয়ে” বাইবেলের সবচেয়ে বহুল ব্যবহৃত একটি শব্দ, যেখানে এর অর্থ “তুমি”। অর্থাৎ আমি হচ্ছি “তুমি”, আমি আমাদের, তাহলে এটা হলো—আমাদের।’
তিনি আরও বলেন, ‘শব্দটা কানিয়ে থেকে আসা, যার মানে এক, “ইয়ে” হচ্ছে আমাদের ভালো–মন্দ–ভ্রান্তি সবকিছু।’
ইয়ে সম্প্রতি প্রকাশ করেছেন তাঁর নতুন গানের অ্যালবাম ‘ডনডা’। দুই ঘণ্টার এ অ্যালবামে রয়েছে ২৭টি ট্র্যাক। নাম বদলের আগে সাত বছরের সঙ্গিনী কিম কার্ডাশিয়ানের সঙ্গে বিচ্ছেদের পর সংবাদ শিরোনাম হন ইয়ে। বিশ্বের অন্যতম খ্যাতিমান এ তারকা দম্পতির রয়েছে চার সন্তান।
কানিয়েই প্রথম নন। প্রিন্স, স্নুপ ডগ ও সিন লাভ কম্বসের মতো শিল্পীরাও একসময় নিজেদের নাম বদলে ফেলেছিলেন। এবারে সেই দলে নাম লেখালেন ইয়ে। সূত্র: বিবিসি