নাম শুনে বড় হয়েছি, সান্নিধ্য পাইনি

মহানায়িকা সুচিত্রা সেনের নাম শুনে, ছবি দেখে বড় হয়েছি। চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছি, কিন্তু একটা আফসোস থেকেই গেল, মহানায়িকার সান্নিধ্য পেলাম না। মহানায়ক উত্তমকুমারকে জেঠু আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে কাকু বলে ডাকতাম। তাঁদের সান্নিধ্য পেয়েছি। এঁরাই ছিলেন আমার চলচ্চিত্র জগতের প্রথম অভিভাবক। সেভাবেই চেয়েছিলাম সুচিত্রা সেনকে। চেয়েছিলাম অভিভাবক হিসেবে তাঁর পরামর্শ। কিন্তু পেলাম না। তিনি চলে গেলেন লোকচক্ষুর অন্তরালে। তবুও একটি ছবিই আমার সম্বল। সেই ছবিতে ছোটবেলার ‘আমি’কে সুচিত্রা সেনের আদর করে চুমো দেওয়ার ছবি। তাই তাঁকে অভিভাবক হিসেবে না পেয়ে আমার আফসোস থেকেই গেল।
আমি সুচিত্রা সেনের এই অন্তরালে থাকাকে সম্মান জানাই। সেলাম করি তাঁর এই সিদ্ধান্তকে। ছোটবেলায় তাঁর অনেক ছবি দেখেছি। মনে পড়ছে না কোন ছবিটি আগে দেখেছি। তবে এটুকু মনে পড়ছে, টেলিভিশনে প্রথম ছবি দেখেছিলাম উত্তর ফাল্গুনী। ওই ছবি দেখে মেপে নিয়েছিলাম কত বড় মাপের শিল্পী তিনি।
এখনো মনে পড়ে, সে সময় আমি কেন, আমার মতো অনেক মানুষই উত্তম-সুচিত্রার ক্লাসিক ছবিগুলো দেখার জন্য উতলা হতো। দেখত।সুচিত্রা সেনের সঙ্গে তো আমার ছবি করার সুযোগ হয়নি, সুযোগ হয়েছে তাঁর মেয়ে মুনমুন সেন এবং নাতনি রাইমা ও রিয়া সেনের সঙ্গে। সেসব ছবি করার পর তাদের আমি বলতাম, ছবিগুলো মিসেস সেনকে দেখাও। তিনি কী বলেন জানাবে।
শুনেছি, রাইমার সঙ্গে চোখের বালি ছবি করার পর সেই ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন সুচিত্রা সেন। তিনি আমার ওই ছবি দেখে খুশিও হয়েছিলেন। নৌকাডুবি ছবিটিও সুচিত্রা সেনের ভালো লেগেছিল। নৌকাডুবিতে রাইমা, রিয়া—দুজনই ছিল। ওরা জানিয়েছে, আমার অভিনয়ে খুশি হয়েছেন তাদের দিদা। সুচিত্রা সেনের ওই প্রশংসা আমার মন ভরিয়ে দিয়েছিল।
একটা ঘটনার কথা বলি, হসপিটাল ছবিতে সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করছেন আমার বাবা বিশ্বজিৎ। একটা দৃশ্য ছিল, বাবার সুচিত্রার কাছে প্রেম নিবেদনের দৃশ্য। আর দৃশ্যটিতে সুচিত্রা সেন ওই প্রেম প্রত্যাখান করার পর সুচিত্রার হাত ধরে বুঝিয়ে দিতে চাইবেন, তাঁর প্রেম কত খাঁটি। কিন্তু বাবা সুচিত্রার হাত ধরতে গিয়ে নার্ভাস হয়ে পড়েন। সুচিত্রা ব্যাপারটি বুঝতে পেরে বাবাকে বলেন, এই মুহূর্তটায় তুমি ভুলে যাও। মনে করো, তুমি দাঁড়িয়ে আছ তোমার প্রেমিকার সামনে। এর পরই সংবিত ফিরে পান বাবা। শট নেওয়া হয়। দারুণ শট! পরে অবশ্য বাবা ছবিটি করেননি। বাবার কাছ থেকে এই গল্প শোনার পর আমিও আমার জুনিয়রদের সঙ্গে খোলাখুলি মিশি। ওদের জড়তা কাটিয়ে অভিনয় করতে সাহায্য করি।
ভারতের পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী