সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা
নামমাত্র অনুদান দিয়ে সর্বগ্রাসী সংকট থেকে জাতিকে রক্ষা করা যাবে না
আবারও সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ১ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। খাতটির উন্নয়ন ও বিকাশে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়েছে তারা। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এসব দাবিদাওয়া তুলে ধরেন।
বাজেটে সংস্কৃতির জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ০ দশমিক ০৯৭ শতাংশ। বরাদ্দের পরিমাণ দেখে ‘বিস্মিত, হতবাক এবং ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বক্তব্যে বলেন, ‘৩ জুনের বাজেটে সংস্কৃতি ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তাতে আমরা বিস্মিত, হতবাক এবং ক্ষুব্ধ। মানুষের চিন্তায় ও মননে ইতিবাচক পরিবর্তন আনতে সর্বাগ্রে প্রয়োজন একটি সাংস্কৃতিক জাগরণ। এ ক্ষেত্রে রাষ্ট্রের বিনিয়োগ অপরিহার্য।’ ‘নামমাত্র অনুদান দিয়ে’ সর্বগ্রাসী সংকট থেকে জাতিকে রক্ষা করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
সাংস্কৃতিক জোটের এই নেতা অভিযোগ করেন, ‘দেশে যখন সাম্প্রদায়িক ও জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতা দৃশ্যমান হয়, নারী-শিশু নির্যাতন, মাদকাসক্তি ও অপসংস্কৃতির বিস্তার ঘটে, মানবিক বিপর্যয় দেখা দেয়, তখনই কেবল সবাই সংস্কৃতির ব্যাপক প্রসারের কথা বলে থাকেন। তিনি বলেন, কিন্তু এই সাংস্কৃতিক বিকাশ এবং লালনের জন্যও যে রাষ্ট্রের যথাযথ ভূমিকা থাকা দরকার, তা কি আমরা উপলব্ধি করছি? বাজেটে সংস্কৃতির ক্ষেত্রে বরাদ্দ দেখে তা কখনো মনে হয় না।’
জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ৯টি দাবি পেশ করেন তিনি। দাবিগুলো হলো:
১. সব ধারার শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনকে প্রশিক্ষিত করতে প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স করতে হবে।
২. প্রতিটি জেলায় আধুনিক মিলনায়তন ও মুক্তমঞ্চ করতে হবে। জেলা শিল্পকলা একাডেমিতে সংগীত, নাটক, নৃত্য, আবৃত্তি ও চারুকলার স্থায়ী প্রশিক্ষক দিতে হবে। জেলা শিল্পকলা একাডেমিকে প্রয়োজন অনুযায়ী আর্থিক বরাদ্দ দিতে হবে। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি পদে জেলা প্রশাসকের পরিবর্তে ওই জেলার বরেণ্য সংস্কৃতিসেবীকে মনোনয়ন দেওয়ার বিধান চালু করতে হবে।
৩. প্রতিটি জেলায় একটি করে যাত্রা প্যান্ডেল নির্মাণ করতে হবে।
৪. ঢাকা শহরে প্রতি পাঁচ লাখ লোকের জন্য একটি করে আধুনিক মিলনায়তন করতে হবে।
৫. অসচ্ছল শিল্পীকে মাসে কমপক্ষে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করতে হবে।
৬. সারা দেশের সাংস্কৃতিক সংগঠন থেকে যাচাই-বাছাই করে অন্তত পাঁচ হাজার সংগঠনকে অনুদানের আওতায় আনতে হবে।
৭. জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন এবং অবাণিজ্যিক ভিত্তিতে উৎসব আয়োজনকারী প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে।
৮. করোনায় কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিকর্মীদের বিনা সুদে ক্ষুদ্রঋণ প্রদান করতে হবে।
৯. প্রতিটি জেলায় চারুকলা প্রদর্শনীর জন্য আর্ট গ্যালারি এবং স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শনের জন্য মিনি অডিটরিয়াম করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি জুনায়েদ চৌধুরী, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি সালাউদ্দিন বাদল, জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি আসলাম সানী, পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, শিশু সংগঠন ঐক্যজোটের সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ, বাংলাদেশ নৃত্যশিল্পী পরিষদের সদস্য ফারহানা চৌধুরী প্রমুখ।