নামল নাট্যোৎসবের পর্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে গতকাল পরিবেশিত উইলিয়াম শেকস্‌পিয়ারের নাটক মার্চেন্ট অব ভেনিস–এর দৃশ্য l ছবি: হাসান রাজা
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে গতকাল পরিবেশিত উইলিয়াম শেকস্‌পিয়ারের নাটক মার্চেন্ট অব ভেনিস–এর দৃশ্য l ছবি: হাসান রাজা

১০ দিনে ৩০টি নাটক। ঢাকা ও কলকাতার সময়ের সেরা সব নাট্যদল। ফেরদৌসী মজুমদার, কেরামত মাওলা, দেবশঙ্কর হালদারের অভিনয়, শিবলী-নীপাদের নাচ। শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ থেকে সৈয়দ শামসুল হক, মামুনুর রশীদ—নাট্যকারদের তালিকাও চোখধাঁধানো। এ যেন শীত আসার আগেই সমকালীন নাটকের মহাযজ্ঞ—গঙ্গা–যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। আসন্ন শীতে নাটকের নতুন মৌসুম সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এই একটি উৎসবই যথেষ্ট।
২০ অক্টোবর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে শুরু হয়েছিল উৎসব। প্রতি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির তিন মিলনায়তনে তিনটি নাটক আর জাতীয় নাট্যশালার সামনের করিডরে সাংস্কৃতিক আয়োজন ছিল গত ১০ দিনের নিয়মিত রুটিন। রোববার ছিল এই আয়োজনের সমাপনী দিন। এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মামুনুর রশীদ। উৎসবের আয়োজন গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর, পথনাটক পরিষদের সভাপতি নাট্যজন মান্নান হীরা, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শিল্পী মিনু হক ও আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ। ধন্যবাদ জানান আয়োজক পর্ষদের সদস্যসচিব আকতারুজ্জামান।
সমাপনী দিনের বিকেলে উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চে পথনাটক পরিবেশন করে সাত্ত্বিক নাট্য সম্প্রদায়। দলীয় সংগীত পরিবেশন করে সুরসপ্তক। দলীয় আবৃত্তি পরিবেশনায় অংশ নেয় মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র এবং শ্রুতিঘর। নৃত্য পরিবেশন করে নান্দনিক নৃত্যসংগঠন।
সমাপনী আনুষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হয় তিনটি নাটক। জাতীয় নাট্যশালায় পরিবেশিত হয় ঢাকা থিয়েটারের নাটক পঞ্চনারী আখ্যান। পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় শব্দ নাট্যচর্চা কেন্দ্রের দুই নাটক শেষ সংলাপ ও বীরাঙ্গনার বয়ান।