নায়ক থেকে গায়ক আরিফিন শুভ

এবার ছবির গানেও কণ্ঠ দিলেন চলচ্চিত্রের নবাগত নায়ক আরিফিন শুভ। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটির নাম অগ্নি। সম্প্রতি অগ্নি ছবির গানটিতে শুভ কণ্ঠ দিয়েছেন। ছবিটিতে নায়ক হিসেবেও আছেন তিনি। ‘সহে না যাতনা’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত।
আরিফিন শুভ বললেন, ‘আমি কখনো গান শিখিনি। আর তাই গান গাইবার সাহসও কখনো দেখাই না। তবে ছোটবেলা থেকেই প্রচুর গান শুনি। অদিত আমার খুব কাছের একজন মানুষ। তার অনুরোধেই কয়েক দিন মহড়া দেওয়ার পর গানটিতে কণ্ঠ দিয়েছি। রেকর্ডিংয়ের পর অদিত নিজে গানটির ব্যাপারে খুব প্রশংসা করেছে। এ ছাড়া গতকাল বুধবার আমার কয়েকজন সংগীতশিল্পী বন্ধুও “সহে না যাতনা” গানটির ব্যাপারে প্রশংসা করেছে।
গানটির ব্যাপারে সবার উৎসাহ দেখে আমিও বেশ খুশি। এখন সবার ভালো লাগলেই হয়।’
অনুরোধে কেউ যদি আবার গান গাইতে বলেন, তাহলে কী করবেন? শুভ বললেন, ‘মানুষ যদি আমার গান পছন্দ করে, তাহলে কেন নয়?’
অগ্নি ছবির ‘সহে না যাতনা’ গানের সঙ্গে পর্দায় ঠোঁটও মেলাবেন শুভ। ছবিটির শুটিংয়ের জন্য ২৫ জুন যাচ্ছেন ব্যাংককে। ছবিটিতে শুভর বিপরীতে অভিনয় করবেন মাহী।