নায়ক সাব্বির আর নায়িকা সিমলা
চলচ্চিত্রের নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মীর সাব্বির ও সিমলা। তবে কোনো চলচ্চিত্রে নয়। ঈদের জন্য নির্মাণাধীন নাটক ‘আমি নায়ক হব’তে একসঙ্গে দেখা যাবে দুজনকে। নাটকটি রচনা ও পরিচালনা করছেন সাইফ চন্দন। ‘আমি নায়ক হব’ নামের এই নাটকের গল্প গড়ে উঠেছে এক গ্রাম্য যুবকের চলচ্চিত্র নায়ক হওয়ার প্রবল আগ্রহকে কেন্দ্র করে। কিন্তু নায়ক হওয়ার বাসনায় যুবকটি দিশাহারা হয়ে পড়ে। একপর্যায়ে কাকতালীয়ভাবে তাঁর সঙ্গে দেখা হয় চিত্রনায়িকা সিমলার। তারপর সিমলার সহযোগিতায় একসময় চলচ্চিত্রের ব্যস্ত নায়কে পরিণত হন গ্রাম্য ওই যুবকটি। এমনকি হয়ে ওঠেন চলচ্চিত্রের আকর্ষণীয় এক জুটিতে।‘আমি নায়ক হব’ নাটকের গ্রাম্য যুবকের এ চরিত্রটিতে অভিনয় করছেন মীর সাব্বির। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাব্বির বলেন, ‘নাটকটির স্ক্রিপ্ট ভালো লেগেছে। আমার চরিত্রটিও বেশ মজার। আশা করছি, দর্শকের কাছে ভালো লাগবে।’ সিমলা বলেন, ‘আমার বাস্তব জীবনের সাথে চরিত্রটির মিল রয়েছে। তাই কাজটি করছি।’উল্লেখ্য, ‘আমি নায়ক হব’ নাটকে সিমলা চিত্রনায়িকা সিমলার চরিত্রেই অভিনয় করছেন। মীর সাব্বির এবং সিমলা সর্বশেষ পাঁচ বছর আগে একটি নাটকে অভিনয় করেছিলেন।