নায়িকা খুঁজছেন কবরী

বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত অভিনয়শিল্পী কবরী। অনেকদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন। ‘আয়না’ তাঁর পরিচালিত প্রথম ছবি। এরপর আর তাঁকে পরিচালনায় দেখা যায়নি। তবে বেশ কিছুদিন ধরে নতুন ছবি নির্মাণের পরিকল্পনা করছিলেন। একটা বিষয় ঠিক হয় তো আরেকটা ঠিক হয় না। সম্প্রতি ছবির কাজ অনেকটাই গুছিয়ে এনেছেন কবরী। এরই মধ্যে ছবির নামও ঠিক করে ফেলেছেন। নাম ‘এই তুমি সেই তুমি’।
দুই প্রজন্মের দুই জুটি নিয়ে ছবির গল্প এগিয়ে যাবে। এর মধ্যে একটি জুটি হচ্ছেন কবরী ও আলমগীর। অন্য জুটির মধ্যে শুধু আরিফিন শুভকে চূড়ান্ত করা হয়েছে। শুভর সঙ্গে মানানসই নায়িকা পেলেই পুরোদমে ছবির কাজ শুরু করে দেবেন বলে প্রথম আলোকে জানান কবরী।
কবরী বললেন, ‘অনেক দিন থেকে ছবিটি নির্মাণের প্রক্রিয়া চলছিল। ছবির গল্পের প্রয়োজনে একটি জুটি হিসেবে আমি ও আলমগীর অভিনয়ের ব্যাপারে সম্মত হই। এরপর পরই হন্যে হয়ে ছবির আরেকটি জুটি খুঁজছিলাম। এর মধ্যে মেরিল-প্রথম আলোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি পরিবেশনায় শুভকে দেখে খুব ভালো লেগে যায়। তখনই তাঁকে নিয়ে ছবিটি করার সিদ্ধান্ত নিই।’
কবরী এও বলেন, ‘এরপর শুভর সঙ্গে কথাবার্তা বলে ছবিতে তাঁর কাজের ব্যাপারটি নিশ্চিত করি। সবকিছু ঠিকঠাক হলেও শুভর সঙ্গে মানানসই নায়িকা খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। আশা করছি, গল্প অনুযায়ী এবং শুভর সঙ্গে মানানসই নায়িকা পেয়ে যাব। তারপরই “এই তুমি সেই তুমি” ছবির শুটিংয়ের কাজ শুরু করব।’
‘এই তুমি সেই তুমি’ ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য কবরীর নিজের। খুব শিগগির ছবিটির গান রেকর্ডিংয়ের কাজ শুরু করবেন বলেও জানান কবরী।