নায়িকার বাবা হয়েছি: মিশা সওদাগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটি।এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর।ছবির কাজের অভিজ্ঞতা এবং অন্যান্য প্রসঙ্গে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।

মিশা সওদাগর । ছবি: খালেদ সরকার
মিশা সওদাগর । ছবি: খালেদ সরকার

ছবিতে আপনার অভিজ্ঞতা।
অনেক ভালো লেগেছে।এই প্রথমবারের মতো আমি নায়িকার বাবা হয়েছি।আমি সাধারণত ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও এবারে আমার চরিত্রটি ইতিবাচক।এ ছবির কাজের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম।সব সংলাপ মুখস্থ বলেছি।আমার বাচনভঙ্গি এবং অভিনয়েও রয়েছে অনেক নতুনত্ব।ছবিটি দর্শকদের ভালো লাগবে।ছবিতে হূদয়ের (হূদয় খান) গানগুলোও অনেক ভালো হয়েছে।

কলকাতা ও বাংলাদেশের কাজের মধ্যে আপনার কী পার্থক্য চোখে পড়েছে?
দায়িত্বশীলতা ও পেশাদারির ক্ষেত্রে পার্থক্য চোখে পড়ে।আমাদের মধ্যে পেশাদারির অভাব আছে।তাঁরা সকাল ছয়টা থেকে শুটিং শুরু করেন আর আমরা ঘুম থেকেই জাগি নয়টায়।প্রথমে আমার সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হতো।তারপর আমি তাঁদের বুঝিয়ে বলি যে আমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, আমি নয়টায় শুটিং শুরু করব।পরিচালক আমার প্রস্তাবটি গ্রহণ করেছিলেন।ছবি শুরু করার আগে প্রস্তুতিও ভালো থাকে ওদের।ছবির একটা দৃশ্যে ছবির নায়িকা শুভশ্রী আমাকে জড়িয়ে ধরে কাঁদে, আর এই কান্নার দৃশ্যটা করার জন্য শুভশ্রী এক ঘণ্টা ধরে কান্নার রিহার্সেল পর্যন্ত করেছিল।অভিনয়ের প্রতি তাঁদের আন্তরিকতা আমাকে সত্যিই অনেক মুগ্ধ করেছে।


যৌথ প্রযোজনায় ছবির বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
আমি বিষয়টিকে স্বাগত জানাই।তবে দুই দেশের সংস্কৃতিকে এক করা খুব সহজ কাজ নয়।সামঞ্জস্য রেখে কাজ করতে হবে।আর যৌথ প্রযোজনায় কাজের কিছু বিধি-নিষেধ এবং নিয়ম-নীতি আছে, যা মেনে কাজ করলে অনেক ভালো হবে।


বাস্তবের মিশা বা ছবির মিশা...
একজন মিশা সওদাগর হতে হলে অনেক ভালো মানুষ ও সত্ হতে হবে।অভিনয়ের প্রতি একাগ্রতা ও অনুশীলন থাকতে হবে।সেই সঙ্গে সমাজ এবং পরিবারের প্রতি অনেক দায়িত্ববান হতে হবে।নিজের ব্যক্তিত্বকে অবশ্যই ধরে রাখতে হবে।নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও আমি বাস্তবে কখনো সিগারেট পর্যন্ত স্পর্শ করিনি।


আপনার প্রিয় সহশিল্পী কারা?
সবার সঙ্গেই তো কাজ করেছি।মৌসুমী ও শাকিবকে অনেক ভালো লাগে।


ভবিষ্যতে কেমন চরিত্রে কাজ করবেন?
আমি নিজেকে আরও প্রমাণ করতে চাই।নিজেকে সব ধরনের চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে চাই।একই রকম চরিত্রে কাজ করতে ভালো লাগে না।বৈচিত্র্য থাকা জরুরি।


আপনার পছন্দের এমন কোনো চরিত্র আছে, যা এখনো করা হয়নি?
আমার উকিল হওয়ার ইচ্ছা আছে।চরিত্রটি নেতিবাচক এমনকি ইতিবাচকও হতে পারে, তবে অবশ্যই চরিত্রের গভীরতা থাকতে হবে।