নারী জাগরণের এক ডজন নাটক নিয়ে উৎসব
নারী জাগরণের ওপর তৈরি এক ডজন নাটক নিয়ে আজ উৎসব শুরু হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ। ১৯ থেকে ২৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় এই উৎসবের শিরোনাম ‘নারী জাগরণের নাট্য আয়োজন ২০১৩’। নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী উৎসবের নাটকগুলো হলো লোকনাট্যদলের (সিদ্ধেশ্বরী) লীলাবতী আখ্যান, শূন্যন থিয়েটারের লাল জমিন, থিয়েটার আর্ট ইউনিটের আমিনা সুন্দরী, স্বপ্নদলের চিত্রাঙ্গদা, নাগরিক নাট্যাঙ্গনের আমি বীরাঙ্গনা বলছি, বটতলার খনা, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বিদেহ ও বেহুলার বাসর, পালাকারের নারীগণ, ঢাকা থিয়েটারের বিনোদিনী, মণিপুরী থিয়েটারের (মৌলভীবাজার) কহে বীরাঙ্গনা এবং দেশ নাটকের প্রাকৃত পূরাঙ্গনা। নাটকগুলো মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে, পরীক্ষণ থিয়েটার হলে ও স্টুডিও থিয়েটারে। শুক্রবার বিকেলে হবে সেমিনার ‘নারী জাগরণের নাটক: প্রেক্ষিত বাংলাদেশ’।
আরও জানা গেছে, আজ সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের পর নাট্যকলা ও চলচ্চিত্রশিল্পের ৬০ জন প্রয়াত ব্যক্তিত্বের প্রতিকৃতি উন্মোচন করা হবে।