নারী জাগরণের নাট্যোৎসব


নারীদের নিয়ে আয়োজন বর্ণাঢ্য এক নাট্যোৎসবের। ছয় দিনব্যাপী এই উৎসবের নাম ‘নারী জাগরণের নাট্য আয়োজন ২০১৩’। নারী নাট্যকর্মীদের নাট্য রচনা, নির্দেশনা ও অভিনয়ের পাশাপাশি নারী বিষয়কে উপজীব্য করে এই নাট্যোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ। নাট্যোৎসবটির উদ্বোধন হয়েছে ১৯ আগস্ট বিকেল পাঁচটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাট্যোৎসবটির উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন রণজিৎ কুমার বিশ্বাস, সুলতানা কামাল, ফেরদৌসী মজুমদার ও সারা আরা মাহমুদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। উদ্বোধনী দিনে পরীক্ষণ হলে মঞ্চস্থ হয় লোকনাট্যদলের নাটক লীলাবতী আখ্যান। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনায় বেহুলার বাসর নাটকটি মঞ্চস্থ হয়েছে স্টুডিও থিয়েটার হলে। ‘নারী জাগরণের নাট্য আয়োজন ২০১৩’ নামকরণ প্রসঙ্গে কথা হলো লিয়াকত আলীর সঙ্গে। ‘স্বাধীনতার পর থেকে নারীরা সামাজিকভাবে নানা বাধা-বিপত্তি অতিক্রম করে নাট্যক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁরা কখনো থেমে থাকেননি। নাটক লিখেছেন, নাটকে অভিনয় করেছেন, আবার নাটকের নির্দেশনাও দিয়েছেন। এই উৎসব কোনো বিশেষ লিঙ্গীয় নাট্য উপস্থাপনা নয়।’ তিনি আরও বলেন, ‘যাঁরা এই প্রয়োগের সঙ্গে যুক্ত, তাঁরা বাংলাদেশের থিয়েটারের অনিবার্য অংশ। তাঁদের সঙ্গে নতুন করে পরিচয় ঘটছে না। এই উৎসব একটি সংগ্রামী ও সামাজিক সাম্যে বিশ্বাসী জাতির নতুন দর্শনে পদার্পণের চিহ্ন।’
২৩ আগস্ট সন্ধ্যা। সেদিন ছিল উৎসবের পঞ্চম দিন। পরীক্ষণ হলে মঞ্চস্থ হবে পালাকারের নাটক নারীগণ। অন্যদিকে, জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক বিনোদিনী। শিল্পকলা একাডেমীর প্রধান ফটকের এক কোণে জোট বেঁধে গল্প করছেন একই নাট্যদলের পাঁচ-ছয়জন নারী নাট্যকর্মী। এবার তাঁদের সঙ্গে আলাপ।
নারী নাট্যকর্মীদের নিয়ে নাট্যোৎসব হচ্ছে, এটা তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি বিষয়। এই উৎসবের সব কটি নাটকই তাঁদের দেখা উচিত। তাঁদের দলেও নতুন নাটক নামছে। তাই প্রতিদিনই মহড়া করতে হয়। ফলে, প্রতিদিন নাটক দেখা সম্ভব হয় না। আজ মহড়া নেই। তাই সবাই মিলে এসেছেন নাটক দেখতে। বললেন এই নারী নাট্যকর্মীরা। উৎসবের নাটকগুলোর বক্তব্যে উঠে এসেছে নারীদের দ্রোহ ও সংগ্রামের নানা গল্প। উৎসবের অন্য দিনগুলোয় মঞ্চস্থ হয়েছে আরও আটটি নাটক। নাটকগুলো হচ্ছে শূন্যনের লাল জমিন, থিয়েটার আর্ট ইউনিটের আমিনা সুন্দরী, স্বপ্নদলের চিত্রাঙ্গদা, নাগরিক নাট্যাঙ্গনের আমি বীরাঙ্গনা বলছি, বটতলার খনা, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনা বিদেহ , থিয়েটার বেইলী রোডেরমুক্তি ও দেশ নাটকের প্রাকৃত পূরাঙ্গনা। প্রতিদিন নবীন নাট্যকর্মীদের পাশাপাশি নাটক দেখতে এসেছিলেন প্রবীণেরাও। নাট্যকর্মী আর প্রিয় দর্শকদের সমাগমে উৎসবমুখর ছয়টি দিনের পরিসমাপ্তি ঘটল ২৪ আগস্ট।