
বাংলার লোকনাট্য যাত্রাপালা আজ আর পিছিয়ে নেই। সেখানে লেগেছে নতুন দিনের ছোঁয়া। পালার ভাব-ভাষা-ছন্দে এসেছে আধুনিকতা। যাত্রাদলের পালাগানে ঘটেছে নারী জাগরণ। নওগাঁর মহাদেবপুরের কালী শহরে চৈতালী অপেরা, সদরের মেলায় আদি ভোলানাথ অপেরা (সাবেক নিউ ভোলানাথ) নারী জাগরণমূলক পালা মঞ্চায়ন করে হইচই ফেলে দিয়েছে। ভোলানাথের সাত আনার সিঁদুর, সিংহ বাড়ির বৌ, বাবু গো আমি শ্বেতপাথরের বধূ, চৈতালীর পল্লী বধূর লজ্জা চুরি, স্বামীর রক্তে শপথ নিলাম, স্বামী এক সাইন বোর্ড ও চাঁদবিবি পালাগুলোয় নারী জাগরণের বিপ্লব ঘটেছে। বিজাপুরের রানী চাঁদবিবি জন্মের মতো ত্যাগ করে এলেন বিজাপুরের অভিশপ্ত মাটি। তুলে নিলেন পিতৃবংশের নাবালক এক অসহায় শিশুর রক্ষার ভার। আমেদনগরের মসনদে সেই শিশুকে বসিয়ে চাঁদবিবি হলেন রাজপ্রতিনিধি। জ্ঞাতিরা ক্রুদ্ধ হলো, উজির আমির ওমরার দল মিঞা মঞ্জুর নেতৃত্বে জট পাকাতে লাগল। নিমন্ত্রণ পেয়ে গুজরাটের সুবেদার বাদশাজাদা মুরাদ এলেন আমেদনগর অধিকার করতে। চাঁদবিবি, আফজল খাঁ আর নন্দনসিং সমগ্র আমেদনগরকে মরণ রঙ্গে নাচিয়ে তুললেন। চৈতালীর প্রযোজনায় এ পালার মঞ্চায়ন দেখে দর্শকও নাচলেন চাঁদবিবির সঙ্গে।
ভোলানাথের বীরাঙ্গনা সখিনায় সখিনার শৌর্যবীর্যে বাঙালি নারীরা জাগরণের পথ খুঁজে পায়। নারী জাগরণের আরও কিছু পালার মঞ্চায়নের খবর পাওয়া গেছে। আনন্দ অপেরা আদি রাজমহল অপেরা, নিউ সবুজ অপেরা, মঞ্জুশ্রী অপেরা ও সুন্দরবনে আছে নারীমুক্তির কাহিনিসংবলিত কয়েকটি পালা। নওগাঁ থেকে চৈতালী ঢাকায় ঢোকার চেষ্টা করছে। ভোলানাথ যাবে পাবনার ছঘড়িয়ায়।
ঢাকার নাট্যমঞ্চে যখন নারী জাগরণের নাটক নিয়ে উৎসবের সমাপ্তি ঘটে, দেশের ভ্রাম্যমাণ যাত্রা প্যান্ডেলে তখনো নারী জাগরণের পালা মঞ্চায়ন অব্যাহত থাকে। এ ব্যাপারে যাত্রাদলের দুই নারী মালিক পারুল চৌধুরী (সুন্দরবন অপেরা), মৌসুমী পারভীন (আদি ভোলানাথ অপেরা) বলেন, সুদূর অতীত থেকে আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাপ্রাপ্তির দিকে তাকালে দেখি নারীর অংশগ্রহণ ও অর্জন কোনো অংশেই কম নয়। অথচ সেই পরিমাণে স্বীকৃতি নেই। আমরা যাত্রার মাধ্যমে সেসব গৌরবগাথা তুলে ধরতে চাই। যাত্রা যে ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ, তার যথার্থ প্রকাশ ঘটাতে চাই। যাত্রাকে পারিবারিক বিনোদনশিল্প হিসেবে দর্শক যাতে গ্রহণ করে, তার জন্য নারীর গৌরবগাথা গল্পকে পালারূপ দিয়ে মঞ্চে আনা হয়েছে। পরীক্ষামূলক মঞ্চায়ন শুরু হলেও দর্শক সাদরে গ্রহণ করেছে। সবগুলো প্যান্ডেল পূর্ণ হচ্ছে।