নারী জীবনের কাব্যিক চিত্ররূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুতপার ঠিকানা ছবির দৃশ্য
সুতপার ঠিকানা ছবির দৃশ্য

প্রায় ভোর। পরিণত বয়সের একা একজন নারী স্যুটকেস হাতে গন্তব্যহীন দাঁড়িয়ে আছেন অচেনা প্ল্যাটফর্মে। দাঁড়িয়ে আছেন ক্লান্ত-করুণ চোখে। কোথায় যাবেন তিনি? চলচ্চিত্রের শেষ দৃশ্য মগজে খেলা করে; হৃদয়ে চাপ তৈরি হয়। চুপচাপ বিষণ্নযাত্রায় প্রেক্ষাগৃহ ত্যাগ করার পরেও অনেকক্ষণ কথা থাকে না। এ গল্প কার? এত পরিচিত! এত ঘনিষ্ঠ! কিছু চলচ্চিত্র আছে দুনিয়াজুড়ে যা ভাবায়, অনুভব করায়। দর্শক, আপনি যখন সুতপার ঠিকানা দেখবেন, তখন জীবনের মানবিকতা অনুভব করবেন।
একজন নারীর কৈশোর, তারুণ্য এবং পরিণত সময়ের রূপান্তরের যাত্রা যেন চলমান রেলযাত্রা। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়ায়, কিছু যাত্রী ওঠে কিছু নেমে যায়; যখন যেখানে দাঁড়ায় ট্রেন, সেটাই গন্তব্য! ট্রেন ছোটে, সঙ্গে পরিবর্তিত হয় ঠিকানা। এভাবে চলতে চলতে একসময় সত্যিকারের গন্তব্যের কথা ভুলে যায় যাত্রী, নেমে পড়ে অচেনা প্ল্যাটফর্মে। যাত্রাপথে একজন অচেনা তরুণ যাত্রীকে (যেন দর্শককেই) নারীর জীবনের গল্প বলেন সুতপা অথবা একজন নারী, একজন মা এবং মেয়ে। তাঁর ঠিকানা ছিল বাবা-মায়ের বাড়ি, শ্বশুরবাড়ি, স্বামীর বাড়ি, ভাইয়ের বাড়ি, ছেলের বাড়ি এবং অচেনা প্ল্যাটফর্ম!
ছবিটির গতিপথ খুবই সরল। কিন্তু প্রধান চরিত্রের সরল অন্তর্মুখিন অভিপ্রায় ক্যামেরার লেন্সে প্রতিফলিত হলে চলচ্চিত্রের গুরুত্ব বাড়ে; একটি সামগ্রিক ধারণার সূত্রপাত হয়। শিল্পী কুমার বিশ্বজিৎ সংগীত পরিচালনায় চরিত্রের গঠন এবং পরিস্থিতির মেজাজ ধরে কাজে সব ক্ষেত্রে সফল হয়েছেন, এমনটা বলা যাবে না। কোথাও কোথাও গানের উচ্চমাত্রা দৃশ্যমালার ক্ষতিসাধন করেছে। তবে সুতপার ঠিকানা সংলাপনির্ভরতার হাত থেকে আমাদের রেহাই দিয়েছে। দৃশ্যায়নে খুব বেশি নিরীক্ষা না থাকলেও আবহসংগীতে সংযম, পরিমিত সংলাপ চলচ্চিত্রের মৌন অভিব্যক্তির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। চলচ্চিত্রটির এমন অনেক চরিত্র আছে, যাদের স্বাভাবিকভাবে অনেক সংলাপ হয়তো থাকতে পারত, সেখানে সংগীত এবং শব্দের পরিমিত ব্যবহার চলচ্চিত্রটিকে চলচ্চিত্রিক মুহূর্তে ভরিয়ে তুলেছে। একটি নীরব চাহনির গুরুত্ব চলচ্চিত্রের পর্দাকে কাঁপিয়ে দিতে পারে, তা পৃথিবীর বহু চলচ্চিত্র আমাদের দেখিয়েছে; সুতপার ঠিকানাতে এমন অনেক চলচ্চিত্রিক মুহূর্ত রয়েছে, যা মর্মে আঘাত করে, চেতনায় সংহত হয়।
অপর্ণা টেনে নিয়ে গিয়েছেন সুতপার ঠিকানাকে। কিশোরী সুতপাকে (অর্পণা) শিশুদের সঙ্গে খেলায় বেমানান মনে হলেও পাত্রপক্ষের ‘জহুরি’দের সামনে তার কুণ্ঠিত, অপমানিত চেহারা চলচ্চিত্রের গতিকে দর্শকের মননের যাত্রায় শামিল করে নেয়। ‘মা, তোমার চুলটা খুলে দেখাও তো’, ‘মা, খালি পায়ে হেঁটে যাও তো’... এভাবেই ‘মা’ সম্বোধন করেই চুল দেখে, কণ্ঠ শোনে, পিচ্ছিল পথে নগ্নপদে হাঁটায়; পরিশেষে ‘দেখাদেখি’ শেষ হলে বকশিশ অথবা আশীর্বাদ বাবদ হাজার খানেক টাকাও দেয়! গ্রাম কিংবা শহরে শত বছর ধরে চলে আসা আমাদের ‘কনে’ (বা পণ্য) দেখার সংস্কৃতি! চলচ্চিত্রে এমন বহু সিকোয়েন্স আছে, যেখানে কোথাও ইশারায়, কোথাও সামান্য আঁচড়ে নারীর বহুমাত্রিক যন্ত্রণার চিত্র আঁকা হয়েছে। যতখানি জানি, সুতপার ঠিকানা মূলত নির্মাতা প্রসূন রহমানের নিজের লেখা কাব্যগল্পের চিত্ররূপ। চলচ্চিত্র জুড়ে এই কবিতা পাঠ করেন কথকের ভূমিকায় আসাদুজ্জামান নূর। মূলত পুরো চলচ্চিত্র কবিতার এই পাঠে একটি সিকোয়েন্স অন্যটিতে গ্রন্থিত হয়েছে। গল্পের হস্তান্তরের ধারাবাহিকতায় এগিয়েছে।
চলচ্চিত্রকার প্রসূন রহমানের প্রথম কাহিনিচিত্র সুতপার ঠিকানা নারী জীবনকে ধারণ করে গভীর মমতায়। হতে পারত এই চলচ্চিত্র অনেক নিরীক্ষাপ্রবণ, কিন্তু তা হয়নি। একজন গ্রাম্য সরল অন্তর্মুখিন কিশোরীর জীবনের পর্বান্তর বাহুল্যবর্জিতভাবে তিনি ধারণ করেছেন। পাত্রপক্ষের দেখার ক্ষণটির মতোই পুরো চলচ্চিত্র অনুভূতিময়। যেন সুতপার সহজ-সরলতায় নির্মাতার পাশাপাশি চলচ্চিত্রগ্রাহক, সম্পাদক এবং সংগীত পরিচালক জারিত হয়েছেন। নারীর মুক্তি ও বন্দিত্বের অনেক রূপক ভাঁজ তিনি চলচ্চিত্রে রেখেছেন। প্রত্যেক নারী চরিত্রের আপাত স্বাধীন এবং বন্দিত্বের ইমেজ আমাদের মননে ব্যবচ্ছেদ হতে থাকে। এই সমাজে শেষ পর্যন্ত নারীর স্বাধীনতাকে চূড়ান্ত বিচারে আপেক্ষিকই মনে হয়; ঠিকানাহীনতার এই দৃশ্যরূপ নারীর অস্তিত্বের শূন্যতাকে প্রকট করে তোলে। তিনি কি নারীদের কাছে এই প্রশ্নই তুলছেন, তবুও কি তোমরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করবে না!
ট্রেনের যাত্রাপথে গল্প শুরু হয়; শেষও হয়। সুতপার ঠিকানা সচল থাকে ট্রেনের প্রবাহমানতায়। সুতপা চরিত্রে অপর্ণা আরও একবার তাঁর অভিনয়ের সামর্থ্য দেখিয়েছেন বিশেষ করে বয়স্ক সুতপার ভূমিকায়; অমন বার্ধক্য খুঁতহীনতার কাছাকাছি প্রায়!
রাত ফুরিয়ে আসে। সুতপা সহযাত্রী তরুণের আগের প্রশ্নের উত্তর দেয়। দেবর বলেছিল, ‘ভাবি, আমার আর আপনার মধ্যে যে আগে মারা যাবে, তার কবর হবে ভাইয়ের কবরের পাশে।’
সুতপার কাতর স্বর, ‘আমার তো শেষ ঠিকানাটাও অনিশ্চিত!’
চলচ্চিত্রে সবাই গল্প বলতে পারেন না। অন্তত বাংলাদেশে এই গল্প করিয়ের সংখ্যা হাতেগোনা। বাহুল্যবর্জিতভাবে প্রায় নিরাসক্ত ধ্যানে প্রসূন রহমান একজন নারীর অস্তিত্ব-সংকটের গল্প বলেছেন সব নারীর রূপকে প্রায় ছেদহীনভাবে। এই সাফল্য এই চলচ্চিত্র খরার জমিনে একেবারে কম আশাবাদ বপন করে না! অভিনন্দন প্রসূন রহমান! আপনার চলচ্চিত্রযাত্রা চলচ্চিত্রময় হোক!