নারী দিবসে একঝলক নজরুলের 'নার্গিস'

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার নতুন কোরিওগ্রাফি তৈরি করেছে। প্রথম স্ত্রী নার্গিসকে লেখা কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত চিঠি অবলম্বনে নাচটি তৈরি হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় আরটিভিতে সরাসরি সম্প্রচারিত ‘আরটিভি জয়া আলোকিত নারী’ অনুষ্ঠানে এই নাচটি পরিবেশিত হবে।
তবে এই নাচটি ‘নার্গিস’-এর একটি ঝলক মাত্র। তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের শিল্প নির্দেশক পূজা সেনগুপ্ত বলেন, খুব শিগগির তাঁরা নার্গিসকে লেখা নজরুলের চিঠি অবলম্বনে একটি নৃত্যনাট্য তৈরি করবেন। নৃত্যনাট্য তৈরির সেই কাজ অনেকটা এগিয়েও গেছে।
সিলেটের ধামাইল নাচের আঙ্গিকে এর কোরিওগ্রাফি করা হয়েছে। ভাবনা, নকশা ও নির্দেশনা পূজা সেনগুপ্তর। তাঁর সঙ্গে এটি পরিবেশনায় থাকবেন তুরঙ্গমীর শিল্পীরা। পরিবেশনাটি নিয়ে পূজা বলেন, ‘নজরুলের লেখা চিঠির একটি কাল্পনিক উত্তর দেওয়া হয়েছে এই পরিবেশনায়। নার্গিস সেই চিঠির উত্তর দিয়েছেন। আমরা চেষ্টা করেছি শিল্প ও বাস্তব সত্যের সংমিশ্রণ ঘটাতে।’