
আন্তর্জাতিক নারী দিবসে গতকাল শনিবার নারী শিল্পীদের আবৃত্তি দিয়ে শেষ হলো দুই দিনের আবৃত্তির উৎসব ‘শেকল ভাঙ্গার পদ্য’। আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গন গত শুক্রবার থেকে ধানমন্ডির রবীন্দ্রসরোবরের মুক্তমঞ্চে এই উৎসবের আয়োজন করে।
গতকাল বিকেলে উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রথম পর্বে বিশিষ্ট নাট্যাভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও শিমূল ইউসুফকে সম্মাননা জানানো হয়। সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। সম্মাননা প্রদানের পর শুরু হয় পাঠ ও আবৃত্তি পরিবেশনা। সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্য থেকে পাঠ করেন ফেরদৌসী মজুমদার। সেলিম আল দীনের যৈবতী কন্যার মন থেকে কিছু অংশ পাঠ করেন শিমূল ইউসুফ। এ ছাড়া প্রথিতযশা ও নবীন নারী বাকশিল্পীরা একক আবৃত্তি করেন।
আবৃত্তিতে অংশ নেন রেজীনা ওয়ালী, শান্তা শ্রাবণী, সুপ্রভা সেবুতি, মাহমুদা আক্তার, সায়রা শহীদ, তামান্না সারোয়ার, শর্মিষ্ঠা বড়ুয়া, লাবণ্য শিল্পী, আয়শা সিদ্দিকা, শুভ্র দাশ, মৌমিতা জান্নাত ও তামান্না ডেইজি। এর পাশাপাশি কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, স্রোত আবৃত্তি সংসদের নারী সদস্যরা দলীয় আবৃত্তি পরিবেশন করেন।
শেষে ছিল আবৃত্তি ও নৃত্যের যুগলবন্দী পরিবেশনা। এতে অংশ নেন আবৃত্তিশিল্পী ঝর্ণা সরকার ও নৃত্যশিল্পী ফাহমিদা আলম।