নারী মালিকের যাত্রা দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাশিল্পে পুরুষের মতো নারীরাও দৌড়াচ্ছেন মালিক সেজে। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তাঁদের দৌড় যেন থামছেই না। নিয়মমাফিক যাত্রার মৌসুম শেষ হওয়ার পরও তাঁরা দৌড়াচ্ছেন, আর আয়োজক-প্রযোজকদের কাছে যাচ্ছেন দল নিয়ে। ৩০-৩১ জনের একটি যাত্রাসংগঠন, যার সব দায়দায়িত্বই মালিকের। মালিকেরা দুই ধারায় যাত্রাচর্চা করে আসছেন। একটি গীতিনাট্য অপরটি সংলাপপ্রধান ধাঁচের। গীতিনাট্য ধাঁচের আশানুর অপেরার মালিক আয়েশা আক্তার, সোনালী অপেরার মালিক রিতা চৌধুরী, আজাদ অপেরার মালিক কালিকৃষ্ণা আর সংলাপপ্রধান দলের মধ্যে সুন্দরবন অপেরার মালিক পারুল চৌধুরী, ভোলানাথ যাত্রা সম্প্রদায়ের মালিক মৌসুমী পারভীন, রাজধানী অপেরার মালিক গঙ্গারাণী, ডায়মন্ড অপেরার ভাড়াটে মালিক সুফিয়া বেগম, পূজাশ্রী অপেরার মালিক মনীষা অধিকারী এখনো দৌড়ে বেড়াচ্ছেন যাত্রাদল দিয়ে। পুরুষদের সঙ্গে সমান তালেই তাঁদের এগিয়ে যেতে হচ্ছে। বরং যাত্রার এই দৌড়ে নারী মালিকেরা পুরুষের চেয়ে কিছুটা এগিয়েই আছেন। জানা গেছে, যাত্রাদলের নারী মালিকেরা নাচ-গান-অভিনয়ে দক্ষ থাকায় তাঁদের প্রযোজনার গুণগতমান অন্য দলের চেয়ে অনেক ভালো হচ্ছে।
গঙ্গারাণীর রাজধানী অপেরা দীর্ঘদিন বরিশালে গান-বাজনার পর এখন তাঁবু ফেলেছে খুলনার বড়ইতলায়। এখানে প্রযোজনা শেষে আরও দুটো প্যান্ডেলে অংশ নেবে এ দলটি। মনীষা অধিকারীর পূজাশ্রী অপেরা এখন আছে বরগুনার চরাঞ্চলে, মৌসুমী পারভীনের ভোলানাথ আছে দেশের উত্তরাঞ্চলে, কালীকৃষ্ণার আজাদ লক্ষ্মীপুরে আর সুফিয়ার ডায়মন্ড ময়মনসিংহে। তবে এসব দলের বিরুদ্ধে মাঝেমধ্যেই অশালীনতার অভিযোগও পাওয়া যাচ্ছে। তবে যাত্রাদলগুলোর মালিকেরা তা কৌশলে এড়িয়ে যাচ্ছেন। দায়দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আয়োজকদের ওপর।