নারী শিল্পীদের পারিশ্রমিক নিয়ে সোচ্চার বিদ্যা

হিন্দি চলচ্চিত্র শিল্পে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের বিস্তর ফারাক নিয়ে কঙ্গনা রানাউত, ক্যাটরিনা কাইফের পর এবার সোচ্চার হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মশ্রী খেতাব পাওয়া বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান।
এ প্রসঙ্গে বিদ্যার ভাষ্য, ‘আমার মতে, আমাদের ৯৫ শতাংশ ছবিতে এখনও নারীদের গতানুগতিকভাবেই উপস্থাপন করা হয়। বাকি পাঁচ শতাংশ ছবিতে নারীদের ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে। বলিউডের অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকের ব্যবধানটা এখনো বেশ স্পষ্ট। পারিশ্রমিকে পরিবর্তন আসেনি, তা আমি বলব না। কিন্তু অভিনেতারা ছবিপ্রতি যে পারিশ্রমিক পাচ্ছেন, তার তুলনায় অভিনেত্রীদের পারিশ্রমিকের অঙ্কটা খুবই কম।’
বিদ্যা আরও বলেন, ‘বর্তমানে নারী চরিত্রকে প্রাধান্য দিয়ে মাত্র পাঁচ শতাংশ ছবি নির্মিত হচ্ছে। তাই আমার মনে হয়, পারিশ্রমিকের এই বৈষম্য দূর হতে আরও সময় লাগবে। তবে একদিন অবশ্যই আমরা ন্যায্য পারিশ্রমিক পাব। ধীরে ধীরে আমরা সেই পথেই এগোচ্ছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
নারীকেন্দ্রিক চলচ্চিত্রের পট পরিবর্তন সম্পর্কে বিদ্যার মন্তব্য, ‘সময়ের সঙ্গে সঙ্গে ছবিতে নারী চরিত্রের গুরুত্বও বাড়ছে। এই পরিবর্তনটা শুরু হয়েছে এবং আমার মনে হয় এটা চলতে থাকবে। আমি নিঃসন্দেহে বলতে পারি, চলচ্চিত্রে নারী চরিত্রের গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রে ক্ষুদ্র পরিসরে হলেও আমরা পদক্ষেপ নিয়েছি।’
বাণিজ্যিক ছবিতে অভিনেত্রীদের পারিশ্রমিক বাড়ানোর পক্ষেও কথা বলেছেন ৩৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। এ প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘গতানুগতিক ধারার বাণিজ্যিক ছবিতে অভিনেত্রীদের পারিশ্রমিক অবশ্যই বাড়ানো উচিত। কারণ, ছবির সাফল্যের পেছনে তাঁদের বড় ভূমিকা থাকে। কিন্তু যৌক্তিক কোনো কারণ ছাড়াই অভিনেত্রীদের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে বৈষম্য জিইয়ে রাখা হচ্ছে।’
প্রসঙ্গত, কয়েক মাস আগে হিন্দি চলচ্চিত্রশিল্পে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের বিস্তর ফারাক নিয়ে অভিযোগ তুলেছিলেন ‘কুইন’ তারকা কঙ্গনা রানাউত। এ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ‘ছবির সাফল্যের কৃতিত্বের পাশাপাশি সব অর্থও পকেটে ভরছেন অভিনেতারা। তাঁদের পারিশ্রমিকের এক-তৃতীয়াংশও দেওয়া হয় না আমাদের। আমি মনে করি, চলচ্চিত্রশিল্পের এই বৈষম্য দূর করতে বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের দায়িত্ব নিতে হবে। কাজের সঠিক মূল্যায়ন এবং শক্ত একটি অবস্থান নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে আমাদের।’
পরবর্তী সময়ে অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে ক্যাটরিনা কাইফও অসন্তোষ প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘বর্তমানে নারীকেন্দ্রিক ছবিগুলো হিন্দি চলচ্চিত্রশিল্পে ভিন্ন এক মাত্রা যোগ করেছে। নিঃসন্দেহে আমাদের চলচ্চিত্রশিল্প অনেক এগিয়ে গেছে। কিন্তু একটি ক্ষেত্রে ন্যূনতম পরিবর্তনও অর্জিত হয়নি। আর সেটা হলো অভিনেত্রীদের পারিশ্রমিক। এখনো অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের মধ্যে বিশাল ব্যবধান লক্ষ করা যায়। বিদ্যমান এই বৈষম্য সবার কাছেই স্পষ্ট। দেখা যাক, সামনে কী হয়!’