নারীদের জন্য বিনা মূল্যে 'আন্ডার কনস্ট্রাকশন'
মুক্তির আগেই নারী দর্শকদের জন্য বিনা মূল্যে আন্ডার কনস্ট্রাকশন ছবিটি দেখার সুযোগ তৈরি হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেন।
১৮ জানুয়ারি ঢাকার শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আন্ডার কনস্ট্রাকশন ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত নারী দর্শকের পাশাপাশি ছবির ফেসবুক পেজে যাঁরা নাম নিবন্ধন করছেন, তাঁরা উপস্থিত থাকতে পারবেন।
নারী দর্শকের জন্য এ ধরনের আয়োজন প্রসঙ্গে রুবাইয়াৎ বলেন, ‘আমাদের মিডিয়ায় নারী নির্মাতার সংখ্যা একেবারে হাতে গোনা। কলাকুশলীর ক্ষেত্রেও একই অবস্থা। মিডিয়ায় নারীদের উপস্থিতির ব্যাপারটিকে উৎসাহিত করতে এই ভাবনা। প্রদর্শনীতে আমরা অভিনয়শিল্পী, নির্মাতা, নারী সংবাদকর্মীসহ মিডিয়ার নানা ক্ষেত্রের পরিচিত মুখগুলোকে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের ফেসবুক পেজে আগ্রহীদের আহ্বান করেছি। এরই মধ্যে দারুণ সাড়া মিলেছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে, দারুণ একটা প্রদর্শনী হবে।’
২২ জানুয়ারি ঢাকার চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন ছবিটি। তার আগে গত রোববার সন্ধ্যায় ছবিটি নিয়ে ঢাকার একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। ছবিতে রুনা চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। এবারই প্রথম বাংলাদেশি ছবিতে কাজ করলেন তাঁরা। শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত। ছবিটির অন্য অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী প্রমুখ।