নারীর ক্ষমতা উপেক্ষার বিষয় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি রুবী রহমান
কবি রুবী রহমান

‘নারীকে কেন্দ্র করে এমন কি নারীর সাহিত্যকে কেন্দ্র করেও পুরুষের তাবৎ চিন্তা চিরকালই থেকেছে নারীর দেহকারাগারেই বন্দী। দেহের সীমা ছাড়িয়ে নারীর ভাবপৃথিবীর সিংহদরজায় তা কখনোই পৌঁছাতে পারেনি।’ বাংলার নারী কবিদের নিয়ে এক প্রবন্ধে পুরুষ ও পুরুষ কবিদের নিয়ে এমন করেই লিখেছেন শেলী নাজ। তাঁর ‘পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে বাংলা কবিতার বাঘিনীরা’ প্রবন্ধজুড়ে পুরুষ ও পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে একরৈখিক ক্ষোভ।

আজ শনিবার সকালে ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে ‘বাংলা কবিতায় নারী জাগরণ-কবি ও কবিতা’ অনুষ্ঠানে এ প্রবন্ধ পড়েন তিনি। কবি রুবী রহমানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন কাজী রোজী। কবিতা শোনান হাবীবুল্লাহ সিরাজী, মুহম্মদ নূরুল হুদা, শামসুল ফয়েজ। বক্তব্য রাখেন রাবিয়া সুলতানা পান্না।
সভাপতির বক্তব্যে রুবী রহমান বলেন, ‘কর্মজীবনের শুরুতে দেখেছি, নারীরা মাতৃত্বকালীন ছুটি চাইলে পুরুষ সহকর্মীরা সেটাকে ভালোভাবে দেখতেন না। কিন্তু বর্তমানে এই অবস্থার অনেক উন্নতি হয়েছে। একটা সময় এই সমাজে নারীকে নানাভাবে কোনঠাসা করে রাখা হতো। এখন পুরুষেরা নারীর প্রতি অনেক সংবেদনশীল।’
তিনি বলেন, ‘দীর্ঘসময় ধরে আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, এখন জাতীয় সংসদের স্পিকারসহ কয়েকজন নারী মন্ত্রীও আছেন। সুতরাং বলতে হবে পরিস্থিতি বদলেছে, আশাবাদী হতে হবে। নারীর কাজ এখন আর রান্নাঘরে সীমাবদ্ধ নেই।’ নিজের শিক্ষক খান সারওয়ার মুরশিদের কথা উল্লেখ করে তিনি জানান, তিনি তো রান্নার কাজে স্ত্রী নূরজাহান বেগমকে সহযোগিতা করতেন। এখনকার অনেক পুরুষ গৃহপরিচালনার কাজে স্ত্রীকে সাহায্য করেন। এটা তাদের সম্যক চেতনার বহিঃপ্রকাশ।
নারীর ক্ষমতা উপেক্ষার বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, ‘নারীর স্নেহ-মমতা-মাতৃত্ব সূর্যালোক কিংবা বাতাসের মতো অবলীলায় পাওয়া যায়। তাই সেটা যে কতটা মূল্যবান তা আমরা বুঝতে পারি না।’ তিনি নিজের লেখা ‘একটি অগোপন জায়গা’ কবিতাটি পড়েন।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি আফরোজা অদিতি, কাজী তাহমিনা, জাহানারা জামান, জুনান নাশিত, তিথি আফরোজ, নভেরা হোসেন, নূর কামরুন্নাহার, পারভিন আক্তার, মরিয়ম বেগম বেবী, রাফেয়া আবেদীন, রোকেয়া খাতুন রুবী, লিলি হক, শান্তা মারিয়া, শামীমা চৌধুরী, শাহনাজ নাসরীন, সাকিরা পারভিন, সায়মা হাবীব ও সুলতানা শাহরিয়া। অনুষ্ঠানটির আয়োজন করে গণমাধ্যম সংস্থা ঘাসফুল।