নারীর জন্য নির্বাচনে রাখি সায়ন্ত

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সায়ন্ত। মুম্বাই নর্থ-ওয়েস্ট আসন থেকে লড়বেন তিনি। আর কাজ করবেন নারীর নিরাপত্তায়।
বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল বুধবার এমন ঘোষণা দেন রাখি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন কি না—জানতে চাইলে রাখি বলেন, একটি রাজনৈতিক দল তাঁকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছে, অচিরেই ওই দলটির নাম প্রকাশ করবেন তিনি।
রাজনীতিতে আসার উদ্দেশ্য সম্পর্কে বলিউডের আলোচিত এই অভিনেত্রী বলেন, ‘আমি রাজনীতি বুঝি না। সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য এখানে আসা। সমাজের জন্য ভালো কাজ করাই আমার লক্ষ্য। আমি রাজনীতিবিদ হওয়ার জন্য লড়ছি না। জনগণ চায় আমি নির্বাচন করি। এ কারণেই আমি এখানে।’
রাখি আরও বলেন, ‘সাত বছর ধরে আমি অনেক সামাজিক সেবামূলক কাজ করেছি। আমার লক্ষ্য নারীর নিরাপত্তা ফিরিয়ে আনা। আমি চাই না, মুম্বাইয়ের অবস্থা দিল্লির মতোই হোক। নারীদের জন্য আত্মরক্ষা ও কারাতে ক্লাসের আয়োজন করতে চাই আমি, যাতে তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।’