নারীর ভাষ্য, কথামানবীর ভাষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাভারতে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী, কখনো নদীরূপে দেবী গঙ্গা, দিল্লির সিংহাসনে বসা প্রথম নারী সুলতানা রাজিয়া এবং বচন রচয়িতা খনা। ইতিহাসের উজ্জ্বল চরিত্র এঁরা সবাই। সঙ্গে আরও ছিলেন পরিবেশ বাঁচাতে আন্দোলন করা নারী মেধা পাটেকর, তালাকের পর স্বামীর কাছ থেকে খোরপোষ আদায়ের জন্য ১৯৮৫ সালে ভারতের আদালতে মামলা করা নারী শাহবানু এবং ইটভাটার শ্রমিক ভারতের পুরুলিয়ার মালতী মুদি। ইতিহাস থেকে উঠে নিজেদের জীবনযুদ্ধের কথা আরেকবার শুনিয়েছেন এ নারীরা।
ওপার বাংলার কবি মল্লিকা সেনগুপ্ত তাঁর কবিতা ‘কথামানবী’তে বলেছেন এসব নারীর কথা। আদি, মধ্য এবং আধুনিক যুগে নারীর অবস্থা এবং অবদানের কথা উঠে এসেছে এক হাজার ২০০ লাইনের কবিতাটিতে। ইতিহাসের আটজন নারীর আত্মকথনমূলক এ কবিতাটির আবৃত্তি প্রযোজনা ছিল গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে। মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের এটি ছিল দ্বিতীয় মঞ্চায়ন।
আবৃত্তি শুরু হলে মঞ্চে আসেন জিব কেটে নেওয়া খনা ও দ্রৌপদী। তাঁরা বলেন, ‘শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য, কথামানবীর ভাষ্য’। এরপর মঞ্চে আসেন কথামানবী নিজে। তিনি বলেন, ‘ঋগবেদ থেকে ২১ শতক পর্যন্ত আমার বিচরণ’। এরপর কবিতার ভাষাতেই একে একে তিনি মঞ্চে নিয়ে আসেন ইতিহাসের নিপীড়িত, নিগৃহীত ও সাহসী এ চরিত্রগুলোকে।
সিদ্দিকুর রহমানের নির্দেশনায় কবিতার বিভিন্ন চরিত্রে ছিলেন এমি রশিদ, শাফি ইসলাম, রাবিয়া সুলতানা, তাহেরা আফরোজ, জেবুন নেসা খানম, সায়মা নেহাল, তানজিনা ইয়াসমিন, আম্বীয় তাপসী ও আজরা জেবিনসহ অনেকে।