
নারীর জীবনকে নিয়ে, তার শক্তি ও সংগ্রামকে কেন্দ্র করে যে গল্পের সৃষ্টি হয়, তার জয়ের মাধ্যমে জয় হয় নারীশক্তির। ৬৯তম প্রাইমটাইম এমিতে লিমিটেড সিরিজের জন্য বেশির ভাগ বিভাগেই পুরস্কার পায় এইচবিও চ্যানেলের সাত পর্বের মিনি সিরিজ ‘বিগ লিটল লাইস’। এই মিনি সিরিজ জিতেছে শ্রেষ্ঠ লিমিটেড সিরিজ, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী (নিকোল কিডম্যান), শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী (লরা ডার্ন) এবং শ্রেষ্ঠ সহ-অভিনেতা (আলেকজান্ডার স্কারসগার্ড) শাখার পুরস্কার। অন্যদিকে ড্রামা সিরিজ শাখার বেশির ভাগ পুরস্কার গেছে আরেক নারীকেন্দ্রিক সিরিজ ‘দ্য হ্যান্ডমেইড’স টেল’-এর ঘরে। তবে আজ আমরা কথা বলব ‘বিগ লিটল লাইস’ নিয়ে। কারণ, এমিতে এ সিরিজের তারকাদের জ্বলজ্বলে উপস্থিতি সাড়া ফেলেছে সবখানে।
‘বিগ লিটল লাইস’-এর কাহিনি পাঁচজন নারীকে কেন্দ্র করে। রিজ উইদারস্পুন, নিকোল কিডম্যান, শেইলিন উডলি, লরা ডার্ন ও জোই ক্র্যাভিটজ অভিনয় করেছেন এ পাঁচ চরিত্রে। এই পাঁচ চরিত্রের জীবনকে বাইরে থেকে দেখে সম্পূর্ণভাবে সুখী মনে হলেও আস্তে আস্তে আমরা তাদের সংগ্রাম, সমস্যা ও গোপন কষ্টের বিষয়ে জানতে পারি। তাদের মধ্যে নানা দ্বন্দ্ব, নানা সমস্যা থাকলেও শেষ পর্যন্ত যখন তারা একটি বড় বিপদের সম্মুখীন হয়, তখন তারা একসঙ্গে তার মোকাবিলা করে। তাদের সম্মিলিত শক্তি দিয়েই তারা জয় করে এ পরিস্থিতি এবং এতে খুবই নিখুঁতভাবে ফুটে ওঠে যে নারীরা একত্র হলে কোনো বাধা, কোনো বিপদই তাদের থামাতে পারে না।
এ বছরের আমেরিকান মিনি সিরিজগুলো নিয়ে আলোচনা করলেই বারবার চলে আসে কীভাবে নারীকেন্দ্রিক গল্পগুলো সাফল্য লাভ করেছে। ‘বিগ লিটল লাইস’-এর সবচেয়ে বড় প্রতিযোগী ছিল ‘ফিউড: বেটি অ্যান্ড জোন’। এই সিরিজও নারীর জীবনের এক সংগ্রাম নিয়ে। হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী বেটি ডেভিস ও জোন ক্রফোর্ডের মধ্যে যে রেষারেষি ছিল, তা নিয়েই সিরিজটি। সুজান স্যারান্ডন ও জেসিকা ল্যাং মূল দুই ভূমিকায় অভিনয় করেছেন। তাঁরা দুজনই এমির জন্য মনোনীত হয়েছিলেন। একজন অভিনেত্রীকে হলিউডে টিকে থাকার জন্য যে সংগ্রাম করতে হয়, তা তুলে ধরা হয়েছে ‘ফিউড’-এ। বেটি ডেভিস ও জোন ক্রফোর্ড সারা জীবন লড়েছেন হলিউডের পুরুষতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে। বৈষম্যের বিরুদ্ধে। তাঁরা লড়ে গেছেন, পরাজয়কে মেনে নেননি। ‘ফিউড’-এ সে সময়ের হলিউডের এ চিত্রই ফুটে উঠেছে।
আমেরিকার টেলিভিশনের ইতিহাসে ২০১৭ সালটি হয়ে থাকবে স্মৃতিময়। নারী চরিত্রকে কেন্দ্রে রেখে ‘বিগ লিটল লাইস’ও ‘ফিউড’ সাফল্য লাভ করেছে। বলা হচ্ছে, এই দুই সিরিজ এ বছর প্রমাণ করে দিয়েছে যে টেলিভিশনে নারীকেন্দ্রিক গল্পের ভবিষ্যৎ উজ্জ্বল।