নার্গিস ফাখরির জন্য পাগলামি!

‘ভ্রমণ, স্পা, ডরিটোস চিপস, পিত্জা আর আমাকে ভালোবাসে নার্গিস ফাখরি। কিন্তু নার্গিসকে আমি ভালোবাসি না। আপনারা ভুলেও একথা তাঁকে জানিয়ে দেবেন না যেন! তাহলে সে আমাকে মেরে ফেলবে। সম্প্রতি টুইটারে ফাখরিকে নিয়ে এমন উলটা-পালটা বার্তা লিখে খবরের শিরোনাম হয়েছেন বলিউডের অভিনেতা ও নির্মাতা উদয় চোপড়া।
২০১১ সালে ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল নার্গিস ফাখরি। শুরুতে সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেমের গুজব চাউর হয়েছিল। পরে উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের প্রেমের খবর প্রকাশ পায়। লুকোচুরি না খেলে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে পরোক্ষভাবে নিজেদের প্রেমের সম্পর্কের বিষয়টা জানানও দেন তাঁরা। এক বছর চুটিয়ে প্রেম চলে এ জুটির মধ্যে।
চলতি বছরের মার্চে নার্গিস ফাখরির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল প্রয়াত যশ চোপড়ার ছোট ছেলে উদয় চোপড়ার। ফিল্মফেয়ার ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, নার্গিস-উদয়ের বিয়ে নিয়ে তাঁদের পরিবারের সদস্যেরা বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু মাত্র এক মাস পর উদয়ের সঙ্গে বিয়ের খবরকে গুজব বলে দাবি করেন নার্গিস। তিনি নিজেকে একা বলেও দাবি করেন।
এ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী নার্গিসের ভাষ্য ছিল, ‘উদয় এবং আমাকে ঘিরে সবাই এ ধরনের কথা কেন যে বলছেন তার কারণ সত্যিই আমার জানা নেই। স্পষ্ট করে বলতে চাই, আমি এখন সম্পূর্ণ একা। আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয়ে আছে পেশাগত কাজের প্রতি। প্রেম-ভালোবাসার পেছনে ব্যয় করার মতো সময় আমার হাতে নেই। প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে আমার দিন কাটছে। এই ব্যস্ততাকে আমি দারুণ উপভোগ করছি।’
উদয়ের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেও নার্গিসকে যেন কিছুতেই ভুলতে পারছেন না উদয়। উদয়ের সাম্প্রতিক টুইটার বার্তায় স্পষ্ট ফুটে উঠেছে নার্গিসের প্রতি তাঁর দুর্বলতার কথা। শুরুতে স্বাভাবিকভাবেই নার্গিসকে নিয়ে লেখা শুরু করেন উদয়। তিনি লেখেন, ‘নার্গিস সম্পর্কে অজানা একটি তথ্য সবাইকে জানিয়ে দিচ্ছি। সে বেড়াতে খুবই ভালোবাসে।’ এরপর নার্গিসের ব্যক্তিগত আরও অনেক বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি। আবার এক পর্যায়ে নিজের ভুল বুঝতে পেরে লেখেন, ‘এ সব কথাই ছিল “উদয় চোপড়া ম্যাডনেস আওয়ার”-এর অংশ।’ জানিয়েছে জিনিউজ।
অবশ্য উদয়ের এসব টুইটের কোনো জবাব আসেনি নার্গিসের কাছ থেকে। নার্গিসকে নিয়ে উলটা-পালটা টুইট করার পর তাঁর কাছে ক্ষমাও চেয়েছেন উদয়। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘নার্গিস ফাখরির কাছে ক্ষমাপ্রার্থী আমি। স্রেফ মজা করার জন্যই এতক্ষণ এমন পাগলামি করেছি। এভাবে সীমা লঙ্ঘন করাটা আমার উচিত হয়নি। যাই হোক, আর কখনোই আমার কাছ থেকে কিছু শুনতে পারবে না তুমি। বিদায়। ভালো থেকো।’