নালন্দার জন্য নতুন ভবন
ছায়ানট সংস্কৃতি-ভবনে ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত শিশুশিক্ষার বিদ্যালয় ‘নালন্দা’র দশম শ্রেণী পর্যন্ত কার্যক্রমের স্থান সংকুলান হচ্ছে না। এমন অবস্থায়, ছায়ানটের সদস্য প্রয়াত অপালা ফরহত নবেদের পরিবার সম্প্র্রতি ছায়ানটকে কেরানীগঞ্জের আটিবাজারের কাছে তাদের এক বিঘা জমি দান করেছে। এই জমিতে ‘অপালা-ভবন’ নির্মাণ করবে ছায়ানট। প্রস্তাবিত এই ভবনে সংস্কৃতি-সমন্বিত শিশুশিক্ষার বিদ্যালয় নালন্দার কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উপলক্ষে গতকাল শনিবার ছায়ানট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন, সহসভাপতি সারওয়ার আলী এবং সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল।সম্মেলনে তাঁরা বলেন, অপালা-ভবনে শিশুরা তাদের দেহ গঠনের উপযোগী ছোটাছুটি করার খোলা জায়গা পাবে। কেরানীগঞ্জের গ্রামসংলগ্ন প্রাকৃতিক পরিবেশ আর সাধারণ মানুষ শিশুদের জনদরদি দেশপ্রেমী হওয়ার সহায়ক হবে। এলাকাবাসীর সুবিধার্থে বিদ্যালয়ের ছুটির সময়ে সংস্কৃতিচর্চার নানাবিধ ব্যবস্থা করার ইচ্ছা রয়েছে। কেরানীগঞ্জের সন্তান ওয়াহিদুল হকের স্মৃতিতে তাঁর কন্যা অপালা ফরহত নবেদ যে ‘কল্যাণ কর্মপরম্পরা’ এবং ‘সরোজসংস্কৃতিবৃত্ত’ প্রতিষ্ঠা করেন, অবসরকালে সে কার্যক্রমও ওই ভবনে চলতে পারে।সম্মেলনে তাঁরা জানান, আটতলার ভিত্তি তৈরি করে আপাতত ছয়নট ভবন করার পরিকল্পনা হয়েছে। আনুমানিক খরচ হবে ১৩ কোটি টাকা। এই ভবন নির্মাণে বাঙালি সংস্কৃতির অগ্রযাত্রায় সব সহযাত্রী ও শুভানুধ্যায়ীর কাছ থেকে আর্থিক সহায়তা কামনা করে ছায়ানট। লক্ষাধিক পরিমাণ অর্থের দাতা ও প্রতিষ্ঠানের নাম অপালা-ভবনের কেন্দ্রীয় কোনো স্থানে লেখা থাকবে। সহায়তা প্রেরণের মাধ্যম: ছায়ানট অপালা-ভবন তহবিল, হিসাব নম্বর: ০০০২০৩১০০৪৭৪৪৪, যমুনা ব্যাংক।