নাশিদ কামালের ‘যাও তুমি ফিরে’
সংগীতশিল্পী নাশিদ কামালের কণ্ঠে নজরুলের বেশ কয়েকটি গান নিয়ে প্রকাশিত হয়েছে ‘যাও তুমি ফিরে’ অ্যালবামটি। সম্প্রতি গুলশানের লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল এই অ্যালবামটির প্রকাশনা উৎসব। বিশিষ্ট সংগীতজ্ঞ সোহরাব হোসেন, মুস্তাফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান, খালিদ হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘যাও তুমি ফিরে’ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও নাশিদ কামাল নিজে। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন কলকাতার সংগীত পরিচালক দুর্বাদল চট্টোপাধ্যায়। প্রকাশিত নজরুল সংগীতের এই অ্যালবাম প্রসঙ্গে নাশিদ কামাল বলেন, ‘আমি অনেক যত্ন নিয়ে অ্যালবামের গানগুলো করেছি। মিউজিক কম্পোজিশন, আমার গায়কী—সব মিলিয়ে আশা করছি অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে।’অ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গান হচ্ছে, ‘সে চলে গেছে বলে কি গো’, ‘আল্লাহতে যাঁর পূর্ণ ঈমান’, ‘কুচবরণ কন্যা রে তার’, ‘নিশি ভোর হলো জাগিয়া’, ‘আমি চিরতরে দূরে চলে যাব’, ‘তোরা বলিস লো সখি’, ‘আসিয়া কাছে গেলে ফিরে’ ইত্যাদি।