নাসরিন জাহানের উপন্যাস নিয়ে ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঔপন্যাসিক নাসরিন জাহানের ‘ঈশ্বরের বাম হাত’ অবলম্বনে এবার নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক। নাম ‘দূর পাহাড়ের বাতাসেরা’। নাট্যরূপ ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। দেবলীনা, নাসিমুল হক, সৌম্য, নুসরাত ও মৌমিতা—এই পাঁচটি চরিত্র নিয়ে উপন্যাসের গল্প। নাটকে দেখা যাবে, পরিস্থিতির শিকার হয়ে দেবলীনা প্রবীণ লেখক নাসিমুল হাসানকে বিয়ে করতে। দুজনের জীবনের নানা ঘটনা এবং এর আশপাশের বিভিন্ন বিষয় নিয়ে নাটকটির গল্প এগোতে থাকে। নাটকে দেবলীনা ও নাসিমুল হাসান চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন তারিন ও আহমেদ রুবেল।নাসরিন জাহান বলেন, এটিকে নিয়ে নাটক তৈরির তেমন কোনো চিন্তা ছিল না। এনটিভির মোস্তফা কামাল সৈয়দের আগ্রহের কারণেই উপন্যাসটি নিয়ে নাটক নির্মাণ করতে রাজি হই। প্রথম দিককার যে কটি পর্বের চিত্রনাট্য দেখেছি, তাতে বেশ ভালোই লেগেছে। এখন পর্যন্ত নাটকটির ৫০ পর্বের কাজ হচ্ছে। নাসরিন জাহান আরও বলেন, নাটকটি নিয়ে প্রথম দিকে কিছুটা ভয়ও ছিল। তারপর একদিন পরিচালকের অনুরোধে শুটিংও দেখতে যাই। দেখে মনে হলো, সবাই বেশ আন্তরিকতা ও পরিশ্রমের সঙ্গে কাজটি করছে। যেটা আসলে আজকাল খুব একটা দেখা যায় না।‘দূর পাহাড়ের বাতাসেরা’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন ফারহানা মিলি, তাসমিয়া হোসেন, ফারহানা মিঠু, ফারজানা ছবি, সাবিহা জামান প্রমুখ।কাল থেকে এনটিভিতে সপ্তাহে প্রতি সোম ও মঙ্গলবার দুদিন রাত আটটা ১৫ মিনিটে দেখানো হবে নাটকটি।